
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়াকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার ঐতিহাসিক প্রস্তাবটি গত শুক্রবার রাতে সর্বসম্মতভাবে গ্রহণ করেছে। এর আগে গত বৃহস্পতিবার প্রস্তাবটির বিষয়ে মতৈক্যে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের কারণে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান এড়ানোর লক্ষ্যে জাতিসংঘে এ প্রস্তাব অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছিল।সিরীয় সংঘাতের ইতি টানতে জাতিসংঘ প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে এলেও বৃহৎ শক্তিগুলোর মতানৈক্যের কারণে এত দিন বড় কোনো অগ্রগতি হয়নি। এই প্রথম তারা এ বিষয়ে একটি উল্লেখযোগ্য সফলতা পেল। পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যদেশ এবং ১০টি অস্থায়ী সদস্যদেশের সবাই প্রস্তাবটির পক্ষে সমর্থন দেয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। বিশ্বশক্তিগুলোর প্রতিক্রিয়া: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, জাতিসংঘ দেখিয়ে দিয়েছে, ‘কূটনীতি এতটাই শক্তিশালী হতে পারে যে যুদ্ধের সবচেয়ে ভয়ানক অস্ত্রগুলোর ব্যাপারেও শান্তিপূর্ণ উপায়ে একটা বিহিত করা যেতে পারে’। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, মস্কো সিরিয়ায় ‘সব ধরনের কাজে’ অংশ নিতে প্রস্তুত। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এক প্রতিক্রিয়ায় প্রস্তাবটিকে ‘যুগান্তকারী’ আখ্যায়িত করেছেন।
নিরাপত্তা পরিষদের এ উদ্যোগের বিষয়ে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফরি বলেছেন, পাস হওয়া প্রস্তাবটিতে দামেস্কের উদ্বেগের অধিকাংশেরই জবাব আছে। তিনি সিরীয় বিদ্রোহীদের সমর্থন দেওয়া দেশগুলোর প্রস্তাবটি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। প্রস্তাবটিতে যা আছে: নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবটিতে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। তবে রাসায়নিক হামলার জন্য কাউকে দোষারোপ করা হয়নি। প্রস্তাবটিতে আইনগতভাবে বাধ্যবাধকতাসম্পন্ন দুটি দাবি রাখা হয়েছে: সিরিয়ার তার রাসায়নিক অস্ত্রভান্ডার পরিত্যাগ করবে এবং রাসায়নিক অস্ত্রবিশেষজ্ঞদের অবাধ প্রবেশাধিকার দেবে। সিরিয়া তার এ-সংক্রান্ত প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হলে জাতিসংঘ সনদের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই অনুচ্ছেদের আওতায় সামরিক শক্তি প্রয়োগের অনুমতি রয়েছে। তবে সামরিক পদক্ষেপ গ্রহণের আগে নিরাপত্তা পরিষদে আরেকটি প্রস্তাব পাস করতে হবে। নিরাপত্তা পরিষদে এর আগেও কয়েকবার সিরিয়ার বিষয়ে প্রস্তাব পাসের চেষ্টা হয়েছিল। তবে তখন সংকট মোকাবিলার পন্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মতভিন্নতা ছিল। অস্ত্র ধ্বংসে সম্মত ওপিসিডব্লিউ: এদিকে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুত ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করার পরিকল্পনার বিষয়ে সম্মত হয়েছে রাসায়নিক অস্ত্র রোধ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশিন অব দ্য কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ)। নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি পাস হওয়ার কয়েক ঘণ্টা আগে এ বিষয়ে একটি পরিকল্পনা গ্রহণ করে সংস্থাটি। শান্তি সম্মেলন নভেম্বরে: সিরীয় সংকট রাজনৈতিকভাবে সমাধানে নভেম্বরের মাঝামাঝিতে জেনেভায় নতুন শান্তি সম্মেলনের আয়োজন করা হবে। জাতিসংঘের মহাসচিব শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। বিবিসি ও এএফপি।