নিরাপত্তা পরিষদের আসন নেবে না সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব গতকাল শুক্রবার বলেছে, জাতিসংঘের ‘দ্বিমুখী নীতির’ কারণে তারা নিরাপত্তা পরিষদে নিজ আসনে বসবে না। নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্যপদ সাধারণ সদস্যদের মধ্য থেকে পালাক্রমে নির্বাচিত হয়ে থাকে।
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের বিষয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে চলতি মাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্য বিবৃতি দিল ইসলামি বিশ্বের প্রভাবশালী দেশ তেলসমৃদ্ধ সৌদি আরব।
গত বৃহস্পতিবার সৌদি আরব প্রথমবারের মতো দুই বছর মেয়াদে নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। এ ছাড়াও সদস্য হয়েছে আফ্রিকার চাদ ও নাইজেরিয়া।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরব মনে করে, দ্বিমুখী নীতির কারণেই নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সংস্কার করা না হওয়া পর্যন্ত সৌদি আরব এর আসন গ্রহণ করতে পারে না। তবে কী ধরনের সংস্কার করতে হবে, এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া থেকে বিরত থাকেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। একটি কূটনীতিক সূত্র জানিয়েছিল, সিরিয়া ও ফিলিস্তিন ইস্যুতে ‘আন্তর্জাতিক নিষ্ক্রিয়তার’ অভিযোগেই প্রথাগত এ ভাষণ দেয়নি সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদি আরব ক্ষোভ প্রকাশ করে বলেছে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী লড়াইয়ে বিদ্রোহীদের সহায়তা দিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারি বন্ধেও কার্যকর ভূমিকা রাখতে পারেনি নিরাপত্তা পরিষদ। এ কারণে ফিলিস্তিনিদের চার দশকের দাবির মুখেও মধ্যপ্রাচ্যে শান্তি আসেনি।
সিরিয়ায় সহিংসতা বন্ধে বলপ্রয়োগের প্রশ্নে জাতিসংঘ দ্বিধাবিভক্ত। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি সদস্যদেশ বলপ্রয়োগের পক্ষে। তবে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া এ-সংক্রান্ত প্রস্তাব পাসে ভেটো দিয়ে আসছে।
সৌদি আরব প্রায়ই অভিযোগ করে, ১৯৬৭ সালে যুদ্ধে ইসরায়েল যে আরব ভূখণ্ড দখল করে, তা ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ওপর চাপ প্রয়োগ করছে না। রয়টার্স।