নিরাপত্তা পরিষদের আহ্বান সত্ত্বেও সিরিয়ায় অভিযান
জাতিসংঘের দূত কফি আনানের শান্তি পরিকল্পনা ‘পুরোপুরি ও দ্রুত’ বাস্তবায়নে নিরাপত্তা পরিষদের আহ্বান সত্ত্বেও সিরিয়ায় গতকাল বৃহস্পতিবার বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সেনারা। এতে এক তরুণ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।আনানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে নিরাপত্তা পরিষদের এই আহ্বানের ব্যাপারে সিরিয়া কোনো প্রতিক্রিয়া জানায়নি।যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর আহ্বানের পরও উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের সেরমিন শহরে অভিযান চালায় সেনারা। এতে ১৭ বছরের এক তরুণ নিহত হয়। আহত হয় অনেকে। এ ছাড়া হামা শহরের আরবায়িন এলাকায় সরকারবিরোধীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেরা প্রদেশে বিদ্রোহী যোদ্ধাদের হামলায় সরকারি এক সেনা নিহতও চারজন আহত হয়েছে।সিরিয়া আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় হামলা ও হতাহতের এসব তথ্য নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। জাতিসংঘের সাবেক মহাসচিব ও বর্তমান দূত আনানের দেওয়া শান্তি পরিকল্পনা গত বুধবার সমর্থন জানিয়ে বিবৃতি দেয় নিরাপত্তা পরিষদ। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, নিরাপত্তা পরিষদে গত বুধবার পাস হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এতে ‘কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। হুমকি বা কাউকে কোনো বিষয়ে দোষারোপ করা হয়নি’। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র রাশিয়া ও চীন এতে সমর্থন দিয়েছে। পশ্চিমা দেশগুলোর তোলা এ প্রস্তাবে অভিযান বন্ধ করে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের পশ্চিমা দেশগুলোর তোলা দুটি প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া। এএফপি।