নিরাপত্তা পরিষদের কমিটিতে লাকভি বিষয়ে আলোচনা হবে
ভারতের মু্ম্বাইয়ে সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত জাকিউর রহমান লাকভির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আল-কায়েদাবিষয়ক কমিটির পরের সভায় আলোচনা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানে লাকভি জামিনে মুক্তি পাওয়ায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত অশোক মুখার্জী আল-কায়েদাবিষয়ক কমিটির প্রধান জিম ম্যাকলেকে চিঠি লেখেন। চিঠিতে তিনি লেখেন, কারাগার থেকে লাকভির মতো আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি নেতাকে মুক্তি দেওয়া এই কমিটির নিয়মের পরিপন্থী। এ ছাড়া তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে লাকভি কারও কাছ থেকে অর্থ নিতে বা কাউকে অর্থ দিতে পারেন না। কেননা, নিয়ম অনুযায়ী তাঁর সব সম্পদ বাজেয়াপ্ত হওয়ার কথা। জিম ম্যাকলে জবাবে জানান, কয়েক দিনের মধ্যে অনুষ্ঠেয় কমিটির পরের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।
জঙ্গি ইসলামি সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আল-কায়েদাবিষয়ক কমিটি ২০০৮ সালের ডিসেম্বর মাসে জাকিউর রহমান লাকভিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে।