নিরাপত্তা পরিষদের দাবি লঙ্ঘন করছে সিরিয়া: বান কি মুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়া নিরাপত্তা পরিষদের দাবি লঙ্ঘন করে চলেছে। দেশের বিভিন্ন শহরে নিরাপত্তাকর্মীদের ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গত শনিবার আরও ৩৪ জনের প্রাণহানির খবর দিয়েছেন মানবাধিকারকর্মীরা। সহিংসতা বন্ধে জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনানের প্রস্তাব মেনে নেওয়ার পরও নতুন করে সহিংসতার নিন্দা জানান বান কি মুন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ১০ এপ্রিলের অস্ত্রবিরতির সময়সীমাকে হত্যাযজ্ঞ অব্যাহত রাখার অজুহাত হিসেবে ব্যবহার করছে বলে তাঁর বিশ্বাস। ওই সময়সীমা কখনোই সরকারি বাহিনীর অভিযান চালিয়ে যাওয়ার অজুহাত হতে পারে না। চলতি ঘটনার জন্য সিরীয় কর্তৃপক্ষকে তিরস্কার করে বান কি মুন বলেন, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ার জন্য অবশ্যই কর্তৃপক্ষ দায়ী এবং এটা এখনই বন্ধ করতে হবে। এদিকে জাতিসংঘ মহাসচিবের সর্বশেষ ওই তিরস্কারসূচক বক্তব্য সত্ত্বেও সিরিয়া আগামী মঙ্গলবারের সময়সীমাকে সামনে রেখে সেনা অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, কেন্দ্রীয় হোমস প্রদেশের লাতামানা এলাকায় সরকারি বাহিনীর গোলাবর্ষণ ও গুলিতে ২৭ জন নিহত হয়। প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনী শনিবার রাতে ওই এলাকায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির বিরুদ্ধে অগ্রসর হলে ওই সংঘর্ষ শুরু হয়। এ ছাড়া ওই এলাকার দক্ষিণে অবস্থিত কুওসাইর এলাকায় একজন নারী, একটি শিশুসহ তিন বেসামরিক ব্যক্তি এবং পুলিশ বাহিনী থেকে পালিয়ে আসা একজন নিহত হয়। এর আগে শনিবার সকালে আলেপ্পো প্রদেশের রেইতান এলাকায় একজন কর্মকর্তা ও দুজন নিরাপত্তাবিষয়ক গোয়েন্দাকে হত্যা করা হয় বলে অবজারভেটরি জানায়। জাতিসংঘের হিসাবে এক বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় সিরিয়ায় নয় হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। তবে মানবাধিকার পর্যবেক্ষকদের হিসাবে এ সংখ্যা ১০ হাজারেরও বেশি। শিশুর সামনেই অন্তঃসত্ত্বা মাকে বৈদ্যুতিক শক: সিরিয়ায় সরকারি বাহিনীর দমন-নিপীড়নের হাত থেকে রেহাই পাচ্ছেন না অন্তঃসত্ত্বা মায়েরাও। একজন প্রত্যক্ষদর্শীর মতে, তিনি কারাগারে আটক এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর স্বামীকে তাদের শিশুসন্তানদের সামনেই বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করতে দেখেছেন। প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরুর পর গত বছরের মে মাসে আইমান কারনেবো নামের ওই প্রত্যক্ষদর্শী ইদলিব প্রদেশের একটি কারাগারে এক সপ্তাহ বন্দী ছিলেন। সে সময় কারাগারের ভেতরে ওই দম্পতিকে নির্যাতন করা হয় বলে তিনি দাবি করেন। কারনেবোর এ বর্ণনা এ ঘটনারই সাক্ষ্য দেয় যে, সেখানকার বিকৃত রুচির কারাগার পদ্ধতিতে একটি পরিবারের সব সদস্যকে একসঙ্গে রেখে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়। সোমালি বংশোদ্ভূত ওই পরিবারটির সঙ্গে একই কারা প্রকোষ্ঠে এক দিন কাটান কারনেবো। তিনি জানান, কারাগারে ওই নারীর সঙ্গে তাঁর স্বামী ছাড়াও তাঁদের তিন এবং পাঁচ বছর বয়সী দুই ছেলেও ছিল। ওই শিশুদের সামনেই তাঁদের বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়। এএফপি, বিবিসি।