নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাশার আল-আসাদ
বাশার আল-আসাদ

নিরাপত্তা পরিষদে পাস হওয়া সিরিয়ার রাসায়নিক অস্ত্রসংক্রান্ত প্রস্তাবটি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি দেন। এদিকে জেনেভা বৈঠকে সিরিয়ার উদ্বাস্তুসংকট মোকাবিলায় প্রতিবেশী দেশগুলো দাতাদের কাছে সহায়তা চাইবে বলে ধারণা করা হচ্ছে।
বাশার গত রোববার ইতালির আরএআই নিউজ টুয়েন্টিফোর টিভিকে বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের বিষয়ে নিরাপত্তা পরিষদের পরিকল্পনাকে তাঁর সরকার অনুমোদন করেছে। এ ধরনের অস্ত্র নির্মূল করাসংক্রান্ত আন্তর্জাতিক সনদে যোগ দিতেও সম্মত তাঁরা।
সাক্ষাৎকারের ভিডিওচিত্র সিরিয়ার প্রেসিডেন্টের ফেসবুক পাতায় দেওয়া হয়েছে। এতে বাশার বলেন, ‘ইতিহাস হচ্ছে, আমরা যেসব চুক্তিতে সই করি, সেগুলো মেনে চলি। এই চুক্তিও আমাদের মেনে চলতে হবে।’ চুক্তিটির কোনো অনুচ্ছেদের বিষয়ে দামেস্ক সরকারের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
জাতিসংঘের প্রস্তাবটি শুক্রবার নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে পাস হয়। প্রস্তাবে সিরিয়ার এক হাজার টন রাসায়নিক অস্ত্রের মজুত আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। বাশার সরকার এই পরিকল্পনা মেনে চলতে ব্যর্থ হলে পরিণাম ভোগ করতে হবে বলেও প্রস্তাবে বলা আছে। অবশ্য দেশটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে আগে নিরাপত্তা পরিষদে আরেকটি প্রস্তাব পাস করিয়ে নিতে হবে।
গত বছরের জুনে বিশ্বের প্রভাবশালী কিছু দেশ সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের যে রোডম্যাপ গ্রহণ করেছিল, তা অনুমোদন করেছে নিরাপত্তা পরিষদ। রোডম্যাপ বাস্তবায়নে ‘যত দ্রুত সম্ভব’ আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানেরও আহ্বান জানিয়েছে পরিষদ। আগামী নভেম্বরে জেনেভায় ওই সম্মেলন হবে। এতে সশরীরে অংশ নেবেন কি না, সাক্ষাৎকারে এমন প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দেননি প্রেসিডেন্ট বাশার।
সিরিয়ায় গত আড়াই বছর ধরে সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলা সহিংসতায় প্রাণ হারিয়েছে এক লাখের বেশি মানুষ, আর উদ্বাস্তু হয়েছে লাখ লাখ লোক। সিরীয় উদ্বাস্তুদের বেশির ভাগই আশ্রয় নিয়েছে প্রতিবেশী লেবানন, তুরস্ক ও জর্ডানে।
উদ্বাস্তুসংকট নিয়ে গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘের আয়োজনে একটি বৈঠক হয়। বৈঠকে পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরবেন লেবানন, জর্ডান, তুরস্ক ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক থেকে উদ্বাস্তু পরিস্থিতি সামাল দিতে বিশ্বের দাতাদের কাছে অর্থ সহায়তা এবং অরক্ষিত উদ্বাস্তুদের অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। বিবিসি ও এপি।