নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী সরকারবিরোধীদের ওপর ‘সর্বাত্মক দমন-নিপীড়ন’ চালানোর সাহস পেয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিলের প্রধান নভি পিল্লাই সোমবার এ কথা বলেছেন। মানবাধিকারকর্মীরা বলছেন, হোমস শহরে চলতি মাসেই নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৪০০ জন নিহত হন। গত সোমবার আরব লিগের নেতারা পরিস্থিতি উন্নয়নে সিরিয়ার জাতিসংঘ ও আরব লিগের যৌথ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দেয়। অবশ্য সিরিয়া এ প্রস্তাব নাকচ করে দেয়।প্রেসিডেন্ট বাশারকে পদত্যাগের আহ্বান জানিয়ে চলতি মাসে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র চীন ও রাশিয়া ভেটো দিলে এ প্রস্তাব নাকচ হয়ে যায়। নিউইয়র্কে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নভি পিল্লাই বলেন, ‘নিরাপত্তা পরিষদের ব্যর্থতাই সিরিয়ার সরকারকে সর্বাত্মক হামলা চালাতে আগ্রাসী করে তুলেছে। হোমস শহরে যে নৃশংসতা চলছে, তাতে আমি মর্মাহত। হোমসে মানবিক পরিস্থিতি এখন এককথায় শোচনীয়।’নভি পিল্লাই বলেন, ‘সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সেখানে হতাহতের হিসাব রাখার চেষ্টা করছে হিউম্যান রাইটস কাউন্সিল। কিন্তু দুই মাস ধরে সিরিয়ার যা পরিস্থিতি, তাতে সেই হিসাব রাখা “প্রায় অসম্ভব” হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা নিশ্চিত, হতাহতের সংখ্যা প্রতিদিন বাড়ছে।’নভি পিল্লাইয়ের বক্তব্যকে নেতিবাচক ও বিবেকবর্জিত বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফরি। তিনি দাবি করেন, সিরিয়া সরকার ‘সশস্ত্র অপরাধী চক্র ও সন্ত্রাসীদের’ দমনে অভিযান চালাচ্ছে। ওই চক্র দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। বাশার জাফরি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ কর্মসূচির নামে যা করছে তা শান্তিপূর্ণ নয়।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও সিরিয়া সরকারের বিরুদ্ধে বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ তুলে বলেন, ‘আমরা এ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চাই।’সিরিয়ায় গত মার্চ থেকে প্রেসিডেন্ট বাশারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। বাশার সরকারও তা কঠোরভাবে দমনের নীতি নেয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যমতে, গত মার্চ থেকে সহিংসতায় এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে বাশার সরকার দাবি করেছে, ‘সশস্ত্র অপরাধী চক্র ও সন্ত্রাসীদের’ দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর অন্তত দুই হাজার সদস্য নিহত হয়েছে। বিবিসি।