নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অবহেলার কারণে হামলার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন ইরাকের উপস্বরাষ্ট্রমন্ত্রী হুসেন আলি কামাল। সোমবার দেশটির পাঁচটি শহরে বোমা হামলা ও অস্ত্রধারীদের গুলিতে পুলিশসহ ১১০ জন নিহত হওয়ার পরদিন তিনি এই অভিযোগ তুললেন। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ হতাহতের ঘটনা। দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দুই মাসেরও বেশি সময় পরে যখন সরকার গঠনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে, তখন এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল। উপস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন নিরাপত্তা চৌকিতে ঠিকমতো তল্লাশি চালানো হচ্ছে না। তিনি বলেন, সোমবারের হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আসকারি সোমবারের হামলার জন্য আল-কায়েদাকে দায়ী করেছেন। তিনি বলেন, গত মাসে ইরাকি ও মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদা নেতা আবু ওমর আল বাগদাদি নিহত হন। এর প্রতিশোধ নিতেই আল-কায়েদা সোমবার হামলা চালায়। এএফপি।