নিরাপত্তা বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও আফগানিস্ত্তান বলেছে, কাবুলে দীর্ঘ আলোচনার পর তারা দ্বিপক্ষীয় নিরাপত্তা সমঝোতার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে। তবে কিছু বিষয়ে মতদ্বৈততা রয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক কাবুল সফরে দুই দেশের মধ্যে এ চুক্তি হলো।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আগামী বছর ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তানে থেকে যাওয়া মার্কিন সেনাদের আইন থেকে অব্যাহতি দেওয়া নিয়ে মতানৈক্য রয়ে গেছে।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো হবে।
আফগান-মার্কিন এ আলোচনার ওপর পাকিস্তানি তালেবানের দ্বিতীয় শীর্ষ নেতা লতিফ মেহসুদের আটকের বিষয়টি ছায়া ফেলে। আফগান কর্তৃপক্ষের অভিযোগ, তাদের সেনাবাহিনীর সদস্যরা গত সপ্তাহে লতিফকে আলোচনার টেবিল থেকে নিয়ন্ত্রণে নেওয়ার পর মার্কিন বাহিনী তাঁকে ছিনিয়ে নেয়। কারজাই এ ঘটনায় ক্ষুব্ধ বলে জানা গেছে।
দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত আংশিক সমঝোতা অনুযায়ী, মার্কিন বাহিনী আফগান সরকারকে না জানিয়ে দেশটিতে কোনো ধরনের সামরিক অভিযান চালাবে না। এ সমঝোতা আগামী বছর থেকে কার্যকর হবে। ২০১৪ সালের শেষে বিদেশি সেনাদের প্রধান বাহিনী চলে যাওয়ার পর কত মার্কিন সেনা থাকবে তা এই চুক্তিতে স্থির হবে।
টানা দুদিন আলোচনার পর দীর্ঘ প্রতীক্ষিত এ চুক্তি হয়। আফগানিস্তানের মাটিতে অপরাধ করলে মার্কিন সেনাদের বিচার এবং সে দেশে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী অভিযানের মতো দুটি জটিল ইস্যুতে সমঝোতার জন্য জন কেরি তাঁর সফরের সময়ও বাড়ান।
মার্কিন-আফগান এ চুক্তিতে ঠিক কী আছে তা প্রকাশ করা হয়নি। তবে আফগানিস্তানে রয়ে যাওয়া মার্কিন সেনারা অপরাধ করলে তাদের বিচার করার ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে দৃশ্যত মতানৈক্য রয়ে গেছে। বিবিসি।