দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ সংস্থা আমদানি করা সব পারমাণবিক চুল্লির যন্ত্রপাতি যাচাই বা তদন্তের আওতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ২০০৮ থেকে দেশটিতে বিদেশ থেকে আমদানি করা চুল্লির যন্ত্রপাতি পরীক্ষা করা হবে এবং নিরাপত্তা সনদ সঠিক কি না, তা যাচাই করে দেখা হবে।
তদন্তের পরিধি বাড়ানোর কারণে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চুল্লিগুলো স্বাভাবিকের চেয়ে বেশি সময় বন্ধ রাখা হতে পারে। এর ফলে শিল্পোন্নত দেশটিতে এই গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। দক্ষিণ কোরিয়ার ২৩টি পারমাণবিক চুল্লি দেশের মোট বিদুৎশক্তির চাহিদার তিন ভাগের এক ভাগ সরবরাহ করে।
এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া দুই বছর ধরে বিদ্যুৎশক্তির সর্বোচ্চ চাহিদার সময়ে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হিমশিম খাচ্ছে। ২০১২ সালের পারমাণবিক চুল্লিবিষয়ক কেলেঙ্কারির পর থেকেই এই সমস্যার শুরু। ওই সময় পারমাণবিক চুল্লির যন্ত্রপাতির নিরাপত্তা সনদ জাল করা হয়েছে বলে ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের জানুয়ারিতে দেশে প্রস্তুত চুল্লির কিছু যন্ত্রপাতির তদন্ত শুরু হয়।
জাপানের ভয়াবহ ফুকুশিমা পরমাণু কেন্দ্রে দুর্ঘটনার পর থেকে কোরিয়ার পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিয়ে সরকার দেশবাসীর চাপের মুখে আছে।
জাপানের পারমাণবিক চুল্লির পরিকল্পনা বাতিল
মনজু পারমাণবিক বিদ্যুৎশক্তি প্রকল্প থেকে সরে আসার ঘোষণা দিয়েছে জাপান। গত শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। জাপানে কয়েক শ কোটি ডলারের পরীক্ষামূলক মনজু পারমাণবিক বিদ্যুৎশক্তি প্রকল্পের নকশা বিশেষভাবে করা হয়েছিল, যেন তা দেশের সীমিত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চালানো যায়। কিন্তু একই কারণে নকশাটি হয়ে ওঠে বেশ জটিল। প্রায় এক দশক ধরে এটি অব্যবহূত পড়ে আছে। প্রকল্পটির প্রাথমিক স্থাপনা তৈরিতে ব্যয় হয়েছে ৯৮০ কোটি ডলার, যার অল্পই ফিরে পাওয়া গেছে। রয়টার্স ও এএফপি।