নিরাপত্তা সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্র ও জাপানের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরালো করার অঙ্গীকার করেছেন।দুই নেতা গত শুক্রবার ওয়াশিংটনের ওভাল অফিসে এক বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে ওই অঙ্গীকার ব্যক্ত করেন।বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ারও প্রতিশ্রুতি দেন। মাত্র দুই মাস আগে আবের নেতৃত্বে জাপানের রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি দেশটির ক্ষমতায় ফিরে আসে। নির্বাচনে জয়ের পর টোকিও ও ওয়াশিংটনের মধ্যে মজবুত ঐক্যের বার্তা পাঠানোর প্রত্যাশাতেই আবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এ সফরে এলেন।এশিয়াসংক্রান্ত মার্কিন নীতির ক্ষেত্রে জাপান-যুক্তরাষ্ট্রের মৈত্রীর সম্পর্ককে ‘কেন্দ্রীয় ভিত্তি’ বর্ণনা করে আবের উদ্দেশে ওবামা বলেন, ‘আপনি এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, আপনার মেয়াদকালে যুক্তরাষ্ট্রকে আপনি এক শক্তিশালী অংশীদার হিসেবে পাবেন।’কর্মকর্তারা জানান, হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে দুই নেতা উত্তর কোরিয়ার উসকানিমূলক পদক্ষেপ ও এর পাল্টা শক্ত জবাব দেওয়া নিয়ে আলোচনা করেছেন। ১২ ফেব্রুয়ারি কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া মিত্র দেশ চীনের সতর্কতা উপেক্ষা করে তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালায়। সম্প্রতি প্রকাশিত কিছু স্যাটেলাইট ছবিতে আভাস পাওয়া গেছে, দেশটি তার পরীক্ষা চালানোর স্থানে নতুন করে তৎপরতা শুরু করেছে।আবে বলেন, পিয়ংইয়ংকে তার কাজের ব্যাপারে পুরস্কৃত না করা এবং তার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে নতুন কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে তিনি ওবামার সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি আরও বলেন, তাঁরা উভয়ে উত্তর কোরিয়াকে শক্তভাবে মোকাবিলা করতেও সম্মত হন।যৌথ বিবৃতিতে বলা হয়, ওবামা ও আবে আন্তপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারি ফোরামে (টিপিপি) জাপানের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। ওবামা বৈঠকে আবের প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসার আহ্বান জানান। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের জ্যেষ্ঠ ফেলো জেফরি স্কট বারাক ওবামা ও শিনজো আবের বৈঠক-পরবর্তী ওই যৌথ বিবৃতিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ‘এক বড় পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেন। রয়টার্স ও আল-জাজিরা।