নিরাপত্তা সহায়তা ছাড়ের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন কেরি, নওয়াজ শরিফ
জন কেরি, নওয়াজ শরিফ

পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা বাবদ ৩০ কোটি মার্কিন ডলার ছাড় করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত রোববার এ কথা জানান।
যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকের প্রাক্কালে পররাষ্ট্র দপ্তর কংগ্রেসের প্রতি এই আহ্বান জানায়। ২০১১ সালের পাকিস্তানে মার্কিন কমান্ডো বাহিনীর অভিযানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে চরম টানাপোড়েন সৃষ্টি হয়। এর পর থেকে মার্কিন সহায়তা স্থগিত করা হয়।
তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই রোববার জন কেরির সঙ্গে বৈঠক করেন নওয়াজ। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এসব বৈঠকে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে দুই দেশের সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ হবে না।
নওয়াজ কাল বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে আফগান শান্তি-প্রক্রিয়া, পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা ও অর্থনৈতিক নানা বিষয়ে আলোচনা হবে। কয়েক বছরের ভেতেরে যুক্তরাষ্ট্রের মাটিতে ইসলামাবাদ-ওয়াশিংটনের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। ডন ও বিবিসি।