নিরাপত্তাচুক্তির সময় নিয়ে মার্কিন-আফগান দ্বন্দ্ব
প্রস্তাবিত মার্কিন-আফগান নিরাপত্তাচুক্তির সময়সূচি নিয়ে দুই দেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
গতকাল জ্যেষ্ঠ উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের গুরুত্বপূর্ণ চার দিনের মহাসম্মেলন ‘লয়া জিরগার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট হামিদ কারজাই ঘোষণা দেন, আগামী ৫ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর এ চুক্তি সই হবে। আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রায় আড়াই হাজার নেতার উপস্থিতিতে গতকাল থেকে লয়া জিরগা শুরু হয়।
এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তিটি অবশ্যই এ বছরের মধ্যে হতে হবে। যুক্তরাষ্ট্রের মতে, চুক্তিটি বিলম্বিত করা সম্ভব নয়। এটি বাস্তবসম্মতও নয়।
গতকাল লয়া জিরগায় প্রেসিডেন্ট কারজাই জানান, আফগান বাহিনীকে প্রস্তুতির সুযোগ দিতে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার বিদেশি সেনা আরও কিছুদিনের জন্য আফগানিস্তানে থেকে যেতে পারবে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তাচুক্তি সম্পাদনে সবার সহায়তা চান হামিদ কারজাই। তবে তিনি আফগান-মার্কিন সম্পর্কে আস্থার ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন। এ বিষয়ে কারজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি আমার যথেষ্ট পরিমাণ আস্থা নেই। আমি তাদের বিশ্বাস করি না। তারাও আমাকে বিশ্বাস করে না। গত ১০ বছরে তাই দেখা গেছে। আমাকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এবং তারা আমার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে।’