নিরাপত্তাঝুঁকিতে ২২ মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ আজ
দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশের ২২টি মার্কিন দূতাবাস ও কনস্যুলেট আজ রোববার বন্ধ।
আজ সিএনএন অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইরাক, আলজেরিয়া, মিসর, সুদান, বাহরাইন, মৌরিতানিয়া ও জিবুতি। নিরাপত্তাঝুঁকির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
আল-কায়েদা ও এর সহযোগীদের হামলার আশঙ্কার কথা জানিয়ে বিশ্বব্যাপী ভ্রমণসতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ৩১ আগস্ট পর্যন্ত এ ভ্রমণসতর্কতা থাকবে। এ সময়ের মধ্যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে পররাষ্ট্র দপ্তর। আল-কায়েদার হুমকি মোকাবিলায় ‘সব ধরনের যথাযথ পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিশ্বের অনেক দেশে রোববার মার্কিন দূতাবাস সাপ্তাহিক বন্ধ থাকে। কিন্তু মুসলিম দেশগুলোতে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সেখানে দূতাবাস খোলা থাকে। ওই সব দেশের দূতাবাস ও কনস্যুলেট আজ রোববার বন্ধ থাকবে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার জানান, তাঁরা চলতি সপ্তাহে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যমে চালানো যোগাযোগ শনাক্ত করেছেন। সেখানে দেখা যায়, সন্ত্রাসীরা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় মার্কিন স্বার্থে হামলা চালানো নিয়ে আলোচনা করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এসব হামলার আশঙ্কা রয়েছে। আরব উপদ্বীপের ভেতর এই হামলা সংঘটিত হতে পারে অথবা হামলার উত্সস্থল হতে পারে ওই এলাকা।
সন্ত্রাসীদের ওই ইলেকট্রনিক যোগাযোগ শনাক্ত হওয়ার পরই গত শুক্রবার বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের ভ্রমণে এবং আগস্ট মাসজুড়ে রোববারে আল-কায়েদা ও তার সহযোগীদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করে পররাষ্ট্র দপ্তর। ভ্রমণ সতর্কতায় বলা হয়, বর্তমানে যে তথ্য রয়েছে, তাতে আল-কায়েদা ও তার সহযোগীরা এখন থেকে আগস্ট মাসের শেষ সময়ের মধ্যে সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে ইঙ্গিত রয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, নির্দিষ্ট কিছু দূতাবাস ও কনস্যুলেট ৪ আগস্ট রোববার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই কারণে ইয়েমেনে অন্তত দুই দিন নিজেদের দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও নেদারল্যান্ড।