নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দেবে পেন্টাগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে দেখবে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
ওয়াশিংটন ডিসিতে নৌবাহিনীর একটি ইয়ার্ডে একজন বন্দুকধারীর হামলায় গত সোমবার ১২ জন নিহত হওয়ার পর নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার এ উদ্যোগ নেওয়া হলো। হামলাকারী ছিলেন নৌবাহিনীরই তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভাগের ঠিকাদার এবং বাহিনীর সাবেক কর্মী অ্যারন অ্যালেক্সিস (৩৪)।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নিরাপত্তাব্যবস্থা নিয়ে আইনপ্রণেতারা প্রশ্ন তুলেছেন। প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিতে যাচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামাও এ ব্যাপারে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এএফপি।

যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন দিলমা রুসেফ
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ গত মঙ্গলবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে তাঁর পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোয়েন্দাগিরির প্রতিবাদে এ সিদ্ধান্ত নেন রুসেফ। গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস-এর এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়।
খবরে বলা হয়, গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে দিলমা রুসেফের সঙ্গে এ বিষয়ে অন্তত ২০ মিনিট কথা বলেন। কিন্তু তাঁকে সফরসূচি বহাল রাখতে সম্মত করতে ব্যর্থ হন ওবামা।
এদিকে ব্রাজিলের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন সেদেশের আইনজীবীরা মার্কিন নজরদারির তথ্য ফাঁসকারী সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে কথা বলতে চান। ব্রাজিল সরকারের বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান নেলসন পেলেগ্রিনো বলেন, ‘মার্কিন গোয়েন্দা নজরদারির প্রকৃত মাত্রা সম্পর্কে জানাটা আমাদের কর্তব্য।’
স্নোডেনের ফাঁস করা তথ্য অনুযায়ী এনএসএ দিলমা রুসেফ, তাঁর কয়েকজন সহকারী ও রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের ওপর নজরদারি করেছে। এ ছাড়া নিজের ই-মেইল মার্কিন গোয়েন্দারা পড়েছেন জেনে ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট। এএফপি।