সরকারের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও পাকিস্তানে আসছেন না পাকিস্তানি বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন ব্যবসায়ী মানসুর ইজাজ। গোপন চিঠি কেলেঙ্কারির ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সামনে আজ মঙ্গলবার তাঁর হাজির হওয়ার কথা। ইজাজের আইনজীবী আকরাম শেখ গতকাল সোমবার বলেছেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে তিনি পাকিস্তানে আসতে পারবেন না। যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, ইজাজের জন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আকরাম শেখ বলেন, ফাঁদ পাতা হয়ে গেছে। দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাঁর মক্কেলকে গ্রেপ্তার করা হবে। তিনি আরও জানান, ইজাজের জন্য নেওয়া নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে অ্যাটর্নি জেনারেল মৌলভী আনোয়ারুল হকের চিঠির জবাব দেওয়া হয়েছে। নিরাপত্তা পদক্ষেপকে ‘অসন্তোষজনক’ আখ্যায়িত করে তিনি কর্তৃপক্ষকে বলেছেন, তাঁর মক্কেল অব্যাহতভাবে হুমকি পাচ্ছেন। আইনজীবী আকরাম জানান, ইজাজ লন্ডন বা জুরিখে তাঁর বক্তব্যের ভিডিও রেকর্ড করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের তদন্ত কমিশনের কাছে পাঠাতে ইচ্ছুক।ব্যবসায়ী ইজাজের বিরুদ্ধে পাকিস্তানের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পার্লামেন্টারি কমিশনও (পিসিএনএস) ২৬ জানুয়ারি সমন জারি করেছে।অন্যদিকে পাকিস্তানে ইজাজের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মালিক বলেছেন, প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতাও নেওয়া হবে। অবশ্য দেশে এলে ইজাজকে গ্রেপ্তারের সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। এর আগে গত রোববার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও ইজাজকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। পাকিস্তানে সম্ভাব্য সামরিক অভ্যুত্থান ঠেকাতে সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ওই গোপন চিঠির বিষয়টি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী ইজাজ ফাঁস করে দিলে দেশে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। যদিও স্বাক্ষরবিহীন ওই চিঠির প্রকৃত প্রেরক কে তা আজ পর্যন্ত স্পষ্ট নয়। এনডিটিভি ও জি নিউজ।