নিরাপত্তার দায়িত্বে দুই লাখ সশস্ত্র কর্মী ১২টি হেলিকপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে অন্তত দুই লাখ বন্দুকধারী নিরাপত্তারক্ষী, কয়েক হাজার যানবাহন ও ডজন খানেক হেলিকপ্টার ব্যবহার করা হবে।
আগামী ৭ এপ্রিল থেকে ভারতে নয় দফার ভোট গ্রহণ শুরু হচ্ছে। মোট ৫৪৩টি নির্বাচনী আসন সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা নিয়েছে। এ জন্য সহিংসতাপ্রবণ সুনির্দিষ্ট রাজ্যগুলোর ওপর বিশেষ নজর রাখা হবে। দেশটিতে মোট ভোটারসংখ্যা ৮১ কোটি ৪০ লাখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এ গণপতি বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার বিশাল দায়িত্ব পালনে তাঁরা বদ্ধপরিকর। জম্মু ও কাশ্মীর এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সন্ত্রাসী তৎপরতা দমনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর দুই লাখ সদস্য ও যানবাহন নেওয়া হচ্ছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলসের মতো আধা-সামরিক বাহিনী থেকে। নির্বাচন চলাকালে দেশের বিভিন্ন অংশে নিরাপত্তারক্ষীদের পৌঁছানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তত ১০০টি ট্রেনের ব্যবস্থা করবে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর জন্য বিভিন্ন স্থানে হাজার হাজার বেসরকারি যানবাহনের ব্যবস্থা থাকবে। ভোট গ্রহণের প্রতিটি ধাপে বিমানবাহিনীর প্রায় ১২টি হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে। নকশাল অধ্যুষিত ৩৩টি জেলা শনাক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিটিআই।