নিরাপত্তার নিশ্চয়তা ও ছাড় চায় ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। গত ছয় মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সিরিজ আলোচনা চালিয়েও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করার অনুমতি পায়নি। তাই বলা হচ্ছে, ইরানের ওপর অবরোধের চাপ কমিয়ে আনা বা দেশটির নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হলেই কেবল তেহরান তার পারমাণবিক স্থাপনা পরিদর্শন করার অনুমতি দিতে পারে।বিশ্লেষকেরা বলছেন, ইরান তখনই আইএইএর পরিদর্শক দলকে তার পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে, যখন এর বিনিময়ে দেশটিও কিছু পাবে। আর এমন উদ্যোগ নিতে হবে বিশ্বের শক্তিধর দেশগুলোকেই। তাদের দিক থেকেই তেহরানের কাছে এমন প্রস্তাব পাঠানো প্রয়োজন।স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টারের (এসআইপিআরআই) জ্যেষ্ঠ গবেষক স্যানোন কাইল বলেন, ‘আমার মনে হয়, আলোচনার মাধ্যমে কোনো অগ্রগতি সম্ভব না হলে আইএইএ-ইরান সম্পর্ক সঠিক পথে এগোবে না।’ ইরান সম্ভবত আইএইএর সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো একটি চুক্তিতে পৌঁছার উচ্চাকাঙ্ক্ষায় রয়েছে। শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনার সময় তারা সেই বিষয়টি অর্জন করতে চায়। কিন্তু প্রায় ১৫ মাস পর গত এপ্রিলে শুরু হওয়া আলোচনায় এ পর্যন্ত ইরান তেমন কিছুই অর্জন করতে পারেনি।ইরানের সঙ্গে আলোচনায় শক্তিধর ছয়টি দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি অংশ নেয়। এ ছয় জাতি চায়, ইরান আইএইএর সঙ্গে পূর্ণ সহযোগিতা করুক। কিন্তু তাদের চাওয়া হলো, ইরান এখনই তার এমন পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক, যা দেশটিকে পারমাণবিক বোমা তৈরির দিকে নিয়ে যাচ্ছে। আর ইরান হয়তো এ নিশ্চয়তা চায় যে আইএইএর পরিদর্শক দল এমন কোনো তথ্য-প্রমাণ বের করবে না, যা পরে তেহরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে। তাহলেই তারা আইএইএর পরিদর্শক দলকে তার পারমাণবিক স্থাপনা, গবেষণার স্থান ও নথিপত্র দেখার সুযোগ দেবে। রয়টার্স।