নিরাপত্তার পরিবেশ এখনো অনিশ্চয়তায়: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, নিরাপত্তার পরিবেশ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সীমান্তে সন্ত্রাসীদের শিবিরগুলো আবার সক্রিয় হচ্ছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তিন দিনব্যাপী সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘নয়াদিল্লি ও মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মাধ্যমে সন্ত্রাসবাদ আমাদের জাতীয় স্বার্থের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এ ছাড়া গত বছর বাম চরমপন্থীরা অনেক নিরীহ মানুষ ও পুলিশ সদস্যকে হত্যা করেছে।’গত গ্রীষ্মে জম্মু ও কাশ্মীর শান্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন মনমোহন। তবে তিনি বলেন, এতে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। মনমোহন বলেন, জম্মু ও কাশ্মীরের বিষয়ে উদারভিত্তিক একটি উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে আলোচনা ও গণতন্ত্রের অন্তর্ভুক্তি প্রয়োজন। এই অঞ্চলের প্রত্যেক মানুষের প্রত্যাশা একটি সম্মানজনক সমাধান। তিনি বলেন, ‘সংঘবদ্ধ সন্ত্রাসবাদ আমাদের সমাজকে লক্ষ্যবস্তু হিসেবে তাক করেছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিরা আমাদের তরুণদের মধ্যে ও প্রান্তিক সমাজে মিথ্যা প্রচারণা চালিয়ে তাদের দলে ভেড়ায়। আমাদের এসব ব্যাপারে সচেতন থাকতে হবে।’জম্মু ও কাশ্মীরে বিভিন্ন সময় জনগণের বিক্ষোভ মোকাবিলা করার সক্ষমতার প্রশংসা করেন মনমোহন সিং। তিনি বলেন, গণতন্ত্রে বিক্ষোভ নিয়ন্ত্রণের কৌশল রয়েছে। ক্ষুব্ধ জনতা ধর্মঘটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবে এবং তা আইনশৃঙ্খলার মধ্যে থেকেই হতে হবে। পুলিশকে যতটা সম্ভব কম শক্তিপ্রয়োগ করে তা মোকাবিলা করতে হবে।মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে মনমোহন বলেন, ওই হামলায় দেখা যায়, সন্ত্রাসীরা যোগাযোগের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এর মাধ্যমে তারা সঠিক সময়ে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছে। দুর্নীতিবিরোধী কঠোর আইনের দাবিতে সুশীল সমাজের নেতা আন্না হাজারের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন মনমোহন সিং। এএফপি ও দ্য হিন্দু।