নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনে বন্যার পানি ঢুকে পড়েছে। ব্রিসবেনের উপকণ্ঠ থেকে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছে। গত সোমবার রাতের ব্যবধানে দুই মিটার পানি বৃদ্ধি পেয়ে সেখানে নয়জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ হয়েছে আরও অন্তত ৭০ জন। পুলিশ জানায়, ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যার স্রোতের তোড়ে ব্রিসবেনের পশ্চিমাঞ্চলীয় শহর টুউমবাতে অনেক গাড়ি ও পথচারী ভেসে গেছে। পুলিশ বিভিন্ন বাড়ির ছাদ থেকে ৪০ জনেরও বেশি ব্যক্তিকে উদ্ধার করেছে। নিখোঁজ হয়েছে অসংখ্য লোক। কুইন্সল্যান্ডে গত ৫০ বছরের মধ্যে দুই সপ্তাহ ধরে ভয়াবহতম বন্যায় এ পর্যন্ত ১৩ জন মারা গেছে। তবে পুলিশের ভাষ্য, মৃতের সংখ্যা বাড়তে পারে।প্রচণ্ড বৃষ্টি ও বন্যার মধ্যে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের বাসিন্দারা গাড়ি নিয়ে নিরাপদ এলাকার সন্ধানে ছোটাছুটির কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন খাদ্য মজুদের দিকে ঝুঁকছে। কর্তৃপক্ষ লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দিয়েছে। বন্যার্তদের ভিড়ে ব্রিসবেন ও পার্শ্ববর্তী শহর ইপসউইচের আশ্রয়কেন্দ্রগুলো ভরে যাচ্ছে। ব্রিসবেনের মেয়র ক্যাম্বেল নিউম্যান গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সতর্ক করে দিয়ে বলেছেন, বন্যা পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে, তাতে বৃহস্পতিবারের মধ্যে সেখানকার সাড়ে ছয় হাজারের মতো বাড়ি, ব্যবসাকেন্দ্র ও অন্যান্য স্থাপনা ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এএফপি ও রয়টার্স।