নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে সয়ুজ ক্যাপসুল
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তিনজন নভোচারী নিয়ে অবশেষে নিরাপদে ফিরে এসেছে রুশ নভোযান সয়ুজ ক্যাপসুল। যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের এক দিন পর গতকাল শনিবার সয়ুজ ক্যাপসুল কাজাখস্তানে অবতরণ করে।রাশিয়ার মহাকাশযান অভিযান নিয়ন্ত্রণকেন্দ্রের একজন মুখপাত্র বলেছেন, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই নিরাপদে সয়ুজ ক্যাপসুল অবতরণ করেছে। নভোচারীরা সুস্থ আছেন। তিনি জানান, আজ (গতকাল) স্থানীয় সময় সকাল নয়টা ২৩ মিনিটে কাজাখস্তানে তিন নভোচারী অবতরণ করেছেন। তাঁরা হলেন মার্কিন নভোচারী ট্রেসি ক্যাল্ডওয়েল, রুশ নভোচারী আলেক্সান্ডার স্কেভরতিসভ ও মিখাইল কোরনিনকো।টেলিভিশনে দেখা গেছে, নিরাপদে পৃথিবীতে ফিরে আসার আনন্দ উপভোগ করছেন তিন নভোচারী। তাঁরা ক্যাপসুলে বসেই উল্লাস করছেন। মিশন কমান্ডার স্কেভরতিসভ প্রথমে ক্যাপসুল থেকে বের হয়ে আসেন। পরে ক্যাপসুল থেকে নেমে আসেন অন্য দুই নভোচারী।গত শুক্রবার পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তিন নভোচারীর। সয়ুজ ক্যাপসুলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অতিরিক্ত ২৪ ঘণ্টা মহাশূন্যে কাটান তাঁরা। মহাকাশযানটি স্টেশন থেকে বিযুক্ত হতো পারছিল না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক দশকের মধ্যে এ ধরনের ঘটনা এটাই প্রথম। ছয় মাসেরও বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়েছেন এই তিন নভোচারী। এএফপি।