থাইল্যান্ডের নির্বাচন অন্তত এক মাসের জন্য পেছানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। অন্যথায় দেশে রক্তপাত আরও বাড়তে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে কমিশন।
এদিকে বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার কার্যালয় অবরুদ্ধ করে রাখার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
থাই নির্বাচন কমিশন আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবে। কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির সাংবিধানিক আদালত এক রায়ে নির্বাচন পেছানোর যে পথ করে দিয়েছেন, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
নির্বাচন কমিশনের সদস্য সোমচাই শ্রিসুত্থিয়াকর্ন গতকাল বলেন, ‘নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, নির্বাচনকে সফল করা। তবে আমাদের নির্বাচন অনুষ্ঠানের মতো শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করাও দরকার। আমরা দেশে রক্তপাত চাই না।’
সোমচাই আরও বলেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক সংকট চলছে, তা সমাধানে নির্বাচন এক মাস পেছানোও যথেষ্ট হবে না। তবে তিনি এও বলেন, নির্বাচন বেশি সময় পেছানো হলে তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনায় সমস্যায় পড়তে পারে। বিক্ষোভকারীরা রাজনৈতিক সংস্কারের স্বার্থে অনির্বাচিত ‘পিপলস কাউন্সিলের’ কাছে ক্ষমতা হস্তান্তরের যে দাবি করছে, তাকে নির্বাচন কমিশন অগণতান্ত্রিক মনে করে।
এদিকে থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন দল পুয়ে থাই পার্টির প্রধান জারুপং রুয়াংসুবান বলেন, ‘নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান থেকে সরকার পিছু হটবে না। আমাদেরকে ২ ফেব্রুয়ারির নির্বাচনকে এগিয়ে নিতে হবে।’
‘কোনো আলোচনা নয়’: থাই সরকারের কয়েকটি মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থার কার্যালয়সহ বেশ কিছু সরকারি ভবন আগে থেকেই অবরুদ্ধ করে রেখেছে বিক্ষোভকারীরা। ফলে কর্মকর্তা-কর্মচারীরা এখন বাড়িতে বসেই কাজ চালাচ্ছেন। অবরোধ প্রত্যাহার করার বিষয়ে আলোচনা করতে সরকার গত সোমবার বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানায়।
তবে এ ব্যাপারে কোনো আলোচনা করবে না বলে গতকাল জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীদের নেতা সুথেপ থাগসুবান। রয়টার্স।