নির্বাচন কমিশনে চারজনের নাম, আজ সময় শেষ
পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্ধারণে সংসদীয় কমিটি ব্যর্থ হওয়ার পর গতকাল শনিবার আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন গতকাল বিকেলে এবং সন্ধ্যার পর দুই দফা বৈঠক করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কারও নাম চূড়ান্ত করতে পারেনি। আজ রোববারের মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানের নাম ঘোষণা করতে হবে।নির্বাচন কমিশনের সচিব জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে গতকাল প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব.) ফখরুদ্দিন জি ইব্রাহিমের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। প্রথম দফার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। সন্ধ্যার পর কমিটি আবারও বৈঠক শুরু করে। তিনি জানান, রোববারের (আজ) মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে।এর আগে আট সদস্যের সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য চারজনের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেন। ওই চারজনের তালিকায় আছেন ইসরাত হুসেইন, বিচারপতি (অব.) নাসির আসলাম জাহিদ, রসুল বখস পালিজো ও মীর হাজার খান খোসো। নির্বাচন কমিশন এ তালিকা থেকে প্রধানমন্ত্রী হিসেবে একজনের নাম চূড়ান্ত করবে।গতকাল সকালের দিকে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দুই ঘণ্টার বৈঠকেই তাঁরা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারবেন। তবে সংবিধান অনুযায়ী, সংসদীয় কমিটির কাছ থেকে চারজনের নাম পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশন দুই দিন সময় হাতে পায়। সর্বসম্মতভাবে একজনের নাম চূড়ান্ত করতে ব্যর্থ হলে কমিশনের সদস্যদের সংখ্যাগরিষ্ঠের মতামতই গুরুত্ব পাবে।পাকিস্তানের সংবিধান অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে সদ্য ক্ষমতা ছেড়ে দেওয়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএএমএল-এন) চারজন করে সদস্য নিয়ে আট সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন দিনেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় সংবিধান অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে এ দায়িত্ব চলে যায় নির্বাচন কমিশনের হাতে।পিপিপির কো-চেয়ারম্যানের পদ ছাড়লেন জারদারি: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পিপিপির কো-চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন। তাঁর ছেলে ও দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে দলের ‘প্যাট্রন ইন চিফের’ দায়িত্ব দেওয়া হয়েছে। আগে থেকেই দলটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ২৪ বছর বয়সী বিলাওয়াল। লাহোর হাইকোর্টের একটি নির্দেশনার কারণে পিপিপির কো-চেয়ারম্যানের পদ ছেড়ে দিলেন জারদারি। হাইকোর্টের ওই নির্দেশনায় বলা হয়, প্রেসিডেন্টকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। প্রেসিডেন্ট জারদারিরও দলীয় পদ ছেড়ে দেওয়া উচিত।জারদারির ঘনিষ্ঠ একজন জানান, দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জারদারি আর পিপিপির কোনো পদে নেই। বিলাওয়াল ভুট্টোকে দলে প্যাট্রন ইন চিফ নির্বাচিত করা হয়েছে। মোশাররফকে হত্যার হুমকি:পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যার হুমকি দিয়েছে তালেবান। দেশে ফিরলেই তাঁকে হত্যা হবে। প্রায় চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে আজ রোববার দেশে ফেরার কথা রয়েছে মোশাররফের।গতকাল শনিবার এক ভিডিওবার্তায় পাকিস্তানি তালেবান এই হুমকি দেয়। ভিডিওবার্তায় তালেবান নেতা আদনান রাশেদ বলেন, সাবেক সেনাশাসক মোশাররফকে হত্যা করতে ইসলামের মুজাহিদিনেরা বিশেষ স্কোয়াড গঠন করেছে। এই স্কোয়াডে আত্মঘাতী হামলাকারী, বন্দুকধারী, আক্রমণ পরিচালনার জন্য বিশেষ ইউনিট ও একটি কমব্যাট টিম রয়েছে। ডন ও পিটিআই।