নির্বাচন কমিশনের আদেশ মেনে নিলেন মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে ভারতের নির্বাচন কমিশনের (ইসি) বদলিবিষয়ক আদেশ মেনে নিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতেই তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের আট কর্মকর্তার বদলির আদেশ মেনে নেওয়ার ঘোষণা দেন। আজ বুধবার রাজ্য সরকার এ আদেশ কার্যকর করবে।
এর আগে রাজ্যের মুখ্যসচিব মমতার কাছে পাঠানো এক বার্তায় জানান, নির্বাচন কমিশনের আদেশ মানা ছাড়া আর কোনো পথ খোলা নেই। পরে বর্ধমানের দুর্গাপুরে অবস্থানরত মুখ্যমন্ত্রী গতকাল রাতে এক সংবাদ সম্মেলন করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে নিরপেক্ষভাবে কাজ না করার অভিযোগে নির্বাচন কমিশন গত সোমবার একজন জেলা প্রশাসক, পাঁচজন পুলিশ সুপার ও দুজন জেলা প্রশাসককে বদলি করার বিষয়ে সিদ্ধান্ত দেয়। একই সঙ্গে ওই আট কর্মকর্তার স্থলে নতুন কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়ার তালিকা দেয়।
মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ মানবেন না বলে ঘোষণা দেন। মমতা বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে আলোচনা না করে কোনো কর্মকর্তার বদলির আদেশ দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। প্রয়োজনে তাঁকে গ্রেপ্তার করা হোক। তবুও তিনি কর্মকর্তাদের বদলি করবেন না।
এ অবস্থায় নির্বাচন কমিশন গতকাল সকালে ঘোষণা দেয়, আট কর্মকর্তাকে বদলি করা না হলে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচন বাতিল বা স্থগিত করা হবে। এমনকি রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এই হুমকির পর আগের অনড় অবস্থান থেকে সরে আসে রাজ্য সরকার।
সূত্র জানায়, কমিশনের হুমকির পর রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র গতকাল সকালে মমতার নির্দেশে নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়ে বদলির আদেশ পুনর্বিবেচনার অনুরোধ করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আট কর্মকর্তাকে বদলি করা হলে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হবে। তা ছাড়া বদলির সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের ওপর কেন আস্থা রাখা হয়নি, তাও জানতে চাওয়া হয়।
সূত্র জানায়, মুখ্যসচিব চিঠিতে নির্বাচন কমিশনের কাছে আইএএস ও আইপিএস কর্মকর্তাদেরও একটি তালিকা পাঠান। তিনি অনুরোধ করেন, আট কর্মকর্তার স্থলে যেন এই তালিকা থেকে নিয়োগ দেওয়া হয়।
এর আগে গতকাল সকালে রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে নির্বাচন বাতিল বা স্থগিত করার হুমকি প্রসঙ্গে জানতে চায়। পক্ষান্তরে বদলির আদেশে সই করতে রাজ্য সরকারকে গতকাল বেলা ১১টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশন বলে, অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।