থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা বলেছেন, সেনাবাহিনী ও সাধারণ বিক্ষোভকারীদের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভাকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে তাত্ক্ষণিক নির্বাচন দিতে হবে। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। অন্যদিকে বিক্ষোভকারীদের রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকা থেকে হটিয়ে দিতে গতকাল সোমবার ভোরে সেনাবাহিনী ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বাণিজ্য এলাকার অলিগলিতে শত শত সশস্ত্র সেনাসদস্যকে টহল দিতে দেখা গেছে। নগরের ওয়ালস্ট্রিট খ্যাত সিলোম রোড গতকাল ভোরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকায় থাইল্যান্ডের প্রায় সবগুলো বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় এবং বিক্ষোভকারীদের অন্যতম লক্ষ্যস্থল ব্যাংকক ব্যাংকের সদর দপ্তর রয়েছে। থাকসিনপন্থী লাল শার্ট পরা বিক্ষোভকারীরা কয়েক সপ্তাহ ধরে সেখানে অবস্থান করছিলেন। তবে গতকাল সেনাবাহিনীর প্রতিরোধের মুখে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গেছেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিজি থেকে ব্রুনাইয়ে আসার পর থাকসিন টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। আর এই সংকট মোচনে ভেজ্জাজিভাকে ক্ষমতা ছেড়ে তাত্ক্ষণিক নির্বাচন দিতে হবে। তিনি বলেন, বিগত দিনে যেভাবে সামরিক অভ্যুত্থান হয়েছে, বর্তমানে সে ধরনের অভ্যুত্থান ঘটানোর সুযোগ নেই। অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকার এলে তারা জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়বে।থাকসিন আরও বলেন, প্রথম দিকে নিগৃহীত দরিদ্র শ্রেণীর মানুষ বিক্ষোভ করলেও বর্তমানে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছে। তাই ভেজ্জাজিভার সরে দাঁড়ানো উচিত।এদিকে গতকাল ভোরে সিলোম রোডের প্রায় আড়াই কিলোমিটার এলাকা সেনাসদস্যরা বন্ধ করে দিলেও পরে অর্ধেকটা পথ কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংক ও অন্যান্য অফিসে যাওয়া-আসার জন্য খুলে দেওয়া হয়। বিক্ষোভকারীরা প্রথমে সেখান থেকে সরতে না চাইলেও পরে তাঁরা দাঙ্গা পুলিশের তৎপরতায় সেখান থেকে পিছু হটেন। সামরিক কর্মকর্তারা বলেছেন, তাঁরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেবেন না। তবে বিক্ষোভকারীদের বাণিজ্যিক এলাকায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রাথমিকভাবে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে বাণিজ্যিক এলাকায় ঢোকার সিদ্ধান্ত নিলেও শীর্ষ নেতাদের নির্দেশে তাঁরা পরে সেখান থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।গত শুক্রবার প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা সেনাপ্রধান অনুপং পাওচিন্দার ক্ষমতা বাড়িয়ে তাঁকে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান করেছেন। প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা ক্ষমতায় টিকে থাকতে সেনাবাহিনীর সমর্থন পাওয়ার আশায় সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে।