পাকিস্তানে আগামী ১১ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লড়াই থেকে ছিটকে পড়লেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। তিনি পাঁচ বছর স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি এই নির্বাচনে অংশ নিতে দেশে ফেরেন।পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ৩২ চিত্রল আসন থেকে সাবেক এই সামরিক শাসকের দাখিল করা শেষ মনোনয়নপত্রটি গতকাল মঙ্গলবার বাতিল হয়ে যাওয়ায় তাঁর নির্বাচনে দাঁড়ানোর ওই স্বপ্ন মিশে গেছে। এর আগে আরও তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি অযোগ্য ঘোষিত হন। তবে পারভেজ মোশাররফের আইনজীবী বলেছেন, তাঁরা এই মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন। আইনজীবী আহমেদ রাজা কাসুরি এএফপিকে বলেন, ‘পারভেজ মোশাররফের একমাত্র অনুমোদিত এই মনোনয়নপত্রটিও হাইকোর্ট বাতিল করে দিয়েছেন। আমরা এখন সুপ্রিম কোর্টে আপিল করব।’এদিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মোশাররফকে বিচারের সম্মুখীন করার অনুরোধ জানিয়ে দাখিল করা একটি পৃথক আবেদনের ওপর সুপ্রিম কোর্টে শুনানি চলছে। একদল আইনজীবী এই আবেদন করেন।কর্মকর্তারা জানান, গতকাল হাইকোর্টে মোশাররফের চিত্রল আসনের মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার আগে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল মোশাররফের অপর একটি আপিলের বিরুদ্ধে রায় দেন। ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৮ (ইসলামাবাদ-১) আসনের মনোনয়নপত্র একজন রিটার্নিং কর্মকর্তা খারিজ করে দেওয়ার বিরুদ্ধে এই আপিল করেছিলেন মোশাররফ।১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্ট মোশাররফ সেনাপ্রধান হিসেবে সংবিধানের ব্যত্যয় ঘটান এবং তিনি অবৈধভাবে বিচারপতিদের গৃহবন্দী করে রাখেন—এমন অভিযোগ ওঠার পর রিটার্নিং কর্মকর্তা তাঁর ওই মনোনয়নপত্র খারিজ করে দেন।রাজা পারভেজের মনোনয়নপত্র বাতিল: সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে করা আপিলও খারিজ করেছেন একটি নির্বাচনী ট্রাইব্যুনাল। সোমবার দেওয়া ট্রাইব্যুনালের এই আদেশ পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জন্য এক বড় আঘাত বলে বিবেচনা করা হচ্ছে। এএফপি, ডন ও টাইমস অব ইন্ডিয়া।