নির্বাচন দিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট
চলতি বছরের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন করতে সম্মত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। জাতীয় ঐকমত্যের সরকার গড়ার ব্যাপারেও আপত্তি নেই তাঁর। প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে সংবিধান সংশোধন করতেও রাজি হয়েছেন ইয়ানুকোভিচ। খবর বিবিসির।
আজ শুক্রবার পার্লামেন্টে বিরোধী দলের নেতাদের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে আলোচনার পর প্রেসিডেন্ট এসব সিদ্ধান্ত নিয়েছেন। সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছেন জার্মান ও পোলিশ কর্মকর্তারা। জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা কিয়েভে ইন্ডিপেনডেন্স স্কয়ারেও বিক্ষোভাকারীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে দুই পক্ষের মধ্যে এসব সমঝোতা ও চুক্তি হওয়ার পরও আজ সকালে কিয়েভে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পার্লামেন্টে অধিবেশন চলাকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংবিধান সংশোধনের ওপর আলোচনার একপর্যায়ে পার্লামেন্টে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।
শেষ পর্যন্ত সরকার ও বিরোধী দলের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলো হলো:
প্রথমত, ৪৮ ঘণ্টার মধ্যে ২০০৪ সালের সংবিধান পরিবর্তন করা হবে। ১০ দিনের মধ্যে ইউক্রেনে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে।
দ্বিতীয়ত, সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে আনা হবে। সেপ্টেম্বরের মধ্যে নতুন সরকারব্যবস্থা ও পার্লামেন্ট চালু হবে।
তৃতীয়ত, সংবিধান পরিবর্তনের পর প্রেসিডেন্ট নির্বাচন দিতে হবে। তবে ২০১৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই ওই নির্বাচন করতে হবে।
ইউক্রেনে স্বাধীনতার পর এবারই সবচেয়ে ভয়াবহ সহিংস রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটি বিভিন্ন বিষয়ে রাশিয়ার প্রতি এখনো নির্ভরশীল। মূলত রাশিয়ার চাপেই ইইউর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা থেকে বিরত ছিলেন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। এতে দেশটির সরকারবিরোধীরা ক্ষুব্ধ হয়ে রাজপথে বিক্ষোভ শুরু করে। গতকাল সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতার চেষ্টা ভেস্তে যাওয়ার পর রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে ইনডিপেনডেন্স স্কয়ার এলাকায় বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে আবার ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু মানুষ।
ইউক্রেনের চলমান সহিংসতায় দুই দিনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র দেশটির অন্তত ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে।