নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট কাটাতে ইরাকে জো বাইডেন
ইরাকে নির্বাচন নিয়ে জটিলতা এবং রাজনৈতিক সংকট কাটানোর চেষ্টায় বাগদাদে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ইরাকি নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি অতিদ্রুত সংকট সমাধানের আশা প্রকাশ করেছেন।ইরাকে নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মার্চ। কিন্তু তার আগে জটিল হয়ে উঠেছে ইরানের রাজনৈতিক পরিস্থিতি। নিষিদ্ধঘোষিত বাথ পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত মোট ৫০০ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আরও ১০টি গোষ্ঠীকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেখা দিয়েছে রাজনৈতিক সংকট।৫০০ জনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে নাখোশ হয়েছে ইরাকের সুন্নি মুসলমানরা। তারা বিষয়টিকে দেখছে তাদের কোণঠাসা করার প্রচেষ্টা হিসেবে। সাদ্দামের আমলে সুন্নিরাই ইরাকে ২০ বছরেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করে আসছিল।নির্বাচনে প্রার্থী নিষিদ্ধের সিদ্ধান্তটি নিয়ে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে বাগদাদে যান বাইডেন। তিনি ইরাকি নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা চালান। তবে তিনি মুখে সে কথা স্বীকার না করে বলেন, যেকোনো সংকট সমাধানে ইরাকিদেরই উদ্যোগ নিতে হবে।প্রেসিডেন্ট জালাল তালাবানি ও প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেন, ইস্যুটি আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত এবং প্রত্যেকেরই উচিত ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা করা। রয়টার্স অনলাইন।