নির্বাচন বর্জন করলেও মোশাররফের দলের দুজন জিতেছে

সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল) নির্বাচন বর্জন করলেও তাঁর দলের দুই প্রার্থী জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছেন।
তাঁরা হলেন শেহজাদা ইফতিখার উদ্দীন ও গুলাম মোহাম্মদ। খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের চিত্রলে জাতীয় পরিষদে ১৯ হাজার ৯৩৮ ভোট পেয়ে জয়ী হন এপিএমএলের শেহজাদা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আবদুল লতিফ পেয়েছেন ১৬ হাজার ৬৩৮ ভোট। চিত্রলে প্রাদেশিক পরিষদ আসনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এপিএমএলের। ওই আসনে গুলাম মোহাম্মদ ১০ হাজার ৬৪৬ ভোট পেয়ে জয়ী হন।
মোশাররফকে নির্বাচন ও রাজনীতিতে আজীবন নিষিদ্ধ ঘোষণার পর তাঁর দল শনিবারের নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তবে চিত্রলে শাহজাদা ইফতিখার উদ্দীন প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নেন।
চার বছরের বেশি সময় স্বেচ্ছানির্বাসনে থাকার পর নির্বাচন উপলক্ষে গত ২৩ মার্চ দেশে ফেরেন সাবেক স্বৈরশাসক মোশাররফ।
তাঁর খামার বাড়িকে উপকারাগার বানিয়ে সেখানে তাঁকে আটক রাখা হয়েছে। ডন।