নির্বাচন, বোঝার জো নেই!

ভোটারদের ভোটের কথা মনে করিয়ে দিতে বিভিন্ন দলের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। সরকারি ছুটি নেই, তাই ভোটাররা কাজের ফাঁকেই ভোট দিচ্ছেন। এ ছিল আজ বৃহস্পতিবার ব্রিটেনের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের চিত্র।
দেশটির গণমাধ্যমে চোখ না রাখলে কিংবা ভোটকেন্দ্রে না গেলে বোঝার উপায় নেই যে, আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পূর্ব লন্ডনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে মানুষের তেমন জটলা নেই। রাজনৈতিক নেতা-কর্মীদের দৌড়ঝাঁপও নেই। যে যাঁর মতো এসে ভোট দিয়ে যাচ্ছেন।
তবে ভোটের দিনও বিভিন্ন দলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট দেওয়ার কথা স্মরণ করিয়ে দিতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ হওয়ার কথা। আগামীকাল শুক্রবার ভোটের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এটি যুক্তরাজ্যের ৫৬তম সাধারণ নির্বাচন। একই দিনে দেশটির ২৭৯টি স্থানীয় সরকারের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। দেশটিতে ভোটার রয়েছেন প্রায় পাঁচ কোটি।
কনজারভেটিভ দলের নেতা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তাঁর স্ত্রী সামান্থা সকাল নয়টায় অক্সফোর্ডশায়ারের উইটনিতে নিজেদের ভোট দেন। এ ক্ষেত্রে তাঁদের চেয়ে এগিয়ে ছিলেন লেবার নেতা এড মিলিব্যান্ড। তিনি ও তাঁর স্ত্রী জাস্টিন সকাল আটটার দিকে নিজ আসন ডংকাস্টার নর্থের একটি কেন্দ্রে ভোট দেন।
অভিবাসন বিরোধী দল ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির (ইউকিপ) নেতা নাইজেল ফারাজে নিজ আসন সাউথ থ্যানেটে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত উক্তির কথা বলেন। তিনি বলেন, প্রথমে তোমাকে তারা এড়িয়ে চলবে, তারপর তারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তারপর তোমাকে আঘাত করবে এবং এরপর তুমি জয়লাভ করবে।
লিবারেল ডেমোক্র্যাটস নেতা দেশটির উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ও তাঁর স্ত্রী মরিয়াম গঞ্জালেস ভোট দেন শেফিলড হ্যালামে। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) নেতা নিকোলা স্টার্জিয়ন ও তাঁর স্বামী পিটার মুরেলকে গ্লাসগোতে ভোট দেন।
ভোটের আগের রাতের জরিপেও অনিশ্চিত ফলাফলের সম্ভাবনা
এ নির্বাচন যে অনিশ্চিত ফলাফলের দিকে যাবে, এমন আভাস বেশ আগে থেকেই পাওয়া যাচ্ছিল। নির্বাচনের আগের রাতে প্রকাশিত সর্বশেষ জরিপেও কনজারভেটিভ এবং লেবার দলের হাড্ডাহাড্ডি অবস্থানের কথা বলা হয়েছে।
নির্বাচনের আগের রাতে গার্ডিয়ানে প্রকাশিত সর্বশেষ জরিপে বলা হয়েছে, ৬৫০ আসনের মধ্যে কনজারভেটিভ এবং লেবার উভয় দলই ২৭৩টি করে আসন জিততে পারে। লিবারেল ডেমোক্র্যাটস ২৭ আসন এবং ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টি ২টি আসন পেতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডর ৫৯টি আসনের ৫২টিই স্কটিশ ন্যাশনাল পার্টি নিয়ে নিতে পারে বলে আভাস রয়েছে। সরকার গড়তে এককভাবে ৩২৬টি আসনের প্রয়োজন।
সরকার গঠনে বড় দলগুলো কাঙ্ক্ষিত মিত্র পাবে কি না, তা নিয়েও আছে সংশয়। স্থিতিশীল সরকার গঠনে ব্যর্থ হলে শিগগিরই আরেকটি নির্বাচনের আভাসও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
