নির্বাচনী ইশতেহার প্রকাশ নিয়ে বিজেপি বেজায় সমস্যায় পড়েছে। পেছাতে পেছাতে এখন নির্বাচন শুরুর দিন ৭ এপ্রিল ইশতেহার প্রকাশ করা হবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে দলটি। এটি নজিরবিহীন। বিজেপির এ বেহাল অবস্থাকে লুফে নিয়ে চার দিক থেকে সমালোচনা শুরু করে দিয়েছে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস।
কংগ্রেস তাদের ইশতেহার প্রকাশ করেছিল ২৬ মার্চ। প্রায় একই সময় বিজেপি জানিয়েছিল, এপ্রিল মাসের গোড়ায় তাদের ইশতেহার প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে ৩ এপ্রিল দিনটি ধার্য হয়েছিল। কিন্তু তা হয়নি। গতকাল দলের মুখপাত্র নির্মলা সীতারামন জানান, প্রথম দফার নির্বাচন শুরুর দিনই বিজেপির ইশতেহার প্রকাশিত হবে। দেরির কারণ সম্পর্কে বিজেপি নেতা সুব্রমানিয়ান স্বামী বলেন, ‘আমরা ঐকমত্যের জন্য অপেক্ষা করছি।’
দেশের প্রধান কোনো রাজনৈতিক দলই ভোটের দিন তাদের ইশতেহার প্রকাশ করেনি। সেই দিক থেকে দেখলে বিজেপি দৃষ্টান্ত সৃষ্টি করতে চলেছে।
কেন এ দেরি তার ব্যাখ্যায় মুখপাত্র নির্মলা বলেন, ‘ইশতেহার কমিটির প্রধানসহ দলের প্রায় সব শীর্ষ নেতাই এবারের ভোটে প্রার্থী হওয়ায় একটু সমস্যা দেখা দিয়েছে। সবার একসঙ্গে বসতে অসুবিধা হয়েছে। তাই এ বিলম্ব।’
দলীয় সূত্রে অবশ্য জানা গেছে, ইশতেহার কমিটির চেয়ারম্যান মুরলী মনোহর যোশী বারানসি ছেড়ে কানপুরে প্রার্থী হতে বাধ্য হওয়ায় সমস্যার সৃষ্টি। কানপুরে স্থানীয় প্রত্যাশীদের বিদ্রোহ থামিয়ে দিল্লি ফিরতে তাঁর দুদিন দেরি হয়। দ্বিতীয়ত, কংগ্রেসের ইশতেহার প্রকাশের পর তার মোকাবিলায় বিজেপির বিভিন্ন নেতা বিভিন্ন বিষয় তাঁদের ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু মুশকিল বাধে নরেন্দ্র মোদিকে নিয়ে। ভোটের প্রচারের যা সূচি তাতে ৭ এপ্রিলের আগে তিনি দিল্লি আসতে পারছেন না। তাঁকে না দেখিয়ে ইশতেহার প্রকাশও সম্ভব নয়। ফলে নয় দফা ভোট-পর্বের প্রথম পর্যায় ৭ এপ্রিলেই ইশতেহার প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির রাজনৈতিক ইতিহাসে যা কখনো ঘটেনি।
বিজেপির এ হালে উৎফুল্ল কংগ্রেস। নির্মলার ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা সংবাদ সম্মেলন ডেকে বিজেপির সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস যেখানে দেশের মানুষের কাছে তাদের প্রতিশ্রুতির তালিকা দিয়ে রেখেছে, বিজেপি সেখানে এখন পর্যন্ত প্রতিশ্রুতি হাতড়ে বেড়াচ্ছে। কটাক্ষ করে তিনি বলেন, ‘মোদি নিজেকে শক্তিশালী নেতা বলে জাহির করে বেড়াচ্ছেন। শক্তি বলতে ছেচল্লিশ ইঞ্চি বুকের ছাতি বোঝায় না। শক্তিশালী মানে কুস্তিগির বা বক্সার হওয়াও নয়।’ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশও মোদিকে কটাক্ষ করে বলেন, ‘ভোটের আগে বিজেপি ইশতেহার প্রকাশ করতে পারছে না এই প্রথম হলো। এ থেকেই বোঝা যাচ্ছে, বিজেপি দলে এখন সেই গাঁথুনিটা আর নেই। দলটা এখন শুধু মোদিময়। পার্টির নীতি নয়, মোদির নীতিই প্রথম ও শেষ কথা।’
জয়রাম প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০০৪ সালে ১০০ দিনের কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তথ্য জানার অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা তা পালন করেছি। ২০০৯ সালে খাদ্যনিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছি। পালনও করেছি। এবার বাসস্থান ও চিকিৎসার অধিকারের প্রতিশ্রুতি দিয়েছি। বিজেপি কোনো প্রতিশ্রুতি না দিয়েই এবার লোকসভা নির্বাচনে জিততে চাচ্ছে।’