নির্বাচন স্থগিত করার অধিকার কমিশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত গতকাল শুক্রবার বলেছেন, ২ ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করার অধিকার দেশটির নির্বাচন কমিশনের রয়েছে। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর সম্মতি নিতে হবে।
প্রায় তিন মাস ধরে চলা সরকারবিরোধী গণ-আন্দোলন সহিংস হয়ে ওঠায় ২ ফেব্রুয়ারি ভোটের আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে আসছিল নির্বাচন কমিশন। নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদনও জানানো হয়েছিল।
তবে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বলে আসছিলেন, নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী হতে হবে। এর প্রেক্ষাপটে কমিশন সাংবিধানিক আদালতে আবেদন জানান। গতকাল আদালত সর্বসম্মতভাবে ওই রায় দেন।
গতকাল প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, ৮০ শতাংশই মনে করেন, পূর্বঘোষণা অনুযায়ী ২ ফেব্রুয়ারিই নির্বাচন হওয়া উচিত। এএফপি ও রয়টার্স।