নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে আগামী ২ ফেব্রুয়ারির আগাম নির্বাচন স্থগিতের ব্যাপারে আজ শুক্রবার সিদ্ধান্ত দিতে পারেন সাংবিধানিক আদালত। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিরোধীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সরকার পতনের আন্দোলন অব্যাহত রাখার অবস্থানে অনড় রয়েছে।
সংঘাত এড়াতে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গত বুধবার রাজধানী ব্যাংককসহ আশপাশের কয়েকটি প্রদেশে দুই মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। তবে এতে বিরোধীরা দমে যায়নি। জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বিরোধী নেতারা ঘোষণা দিয়েছেন, ইংলাক পদত্যাগ করে অনির্বাচিত ‘পিপলস কাউন্সিলের’ কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
থাইল্যান্ডের নির্বাচন কমিশন বলছে, দেশের পরিস্থিতি খুবই সংঘাতময়। এ অবস্থায় তাদের পক্ষে সাধারণ নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। কিন্তু সরকার বলেছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন হতে হবে। কারণ এ-সংক্রান্ত একটি আদেশে রাজা সই করেছেন।
নির্বাচন স্থগিত করা হবে কি না, এ বিষয়ে এর আগে রুলিং জারি করা হয়েছিল। সাংবিধানিক আদালত বিষয়টি আমলে নিয়েছেন। আদালতের মুখপাত্র পিমল থামপিথাকপং গতকাল বলেন, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার (আজ) এ-সংক্রান্ত সিদ্ধান্ত দিতে পারেন আদালত।
বুধবার জরুরি অবস্থা জারির পরও ব্যাংকক ছেড়ে যাননি বিক্ষোভকারীরা। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। বিক্ষোভকারীদের সংখ্যাও কিছুটা কমেছে। প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। বিরোধী নেতা সুথেপ থাগসুবান নির্বাচনী-প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন।
তিন মাস ধরে চলা এই গণ-আন্দোলনে সংঘর্ষে ইতিমধ্যে নয়জন নিহত হয়েছেন। গত বুধবার অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে সরকারপন্থী এক নেতা আহত হন। রয়টার্স।