নির্বাচন হলেও দেশ চালাচ্ছে মোবারকের ভূত
লাখো মিসরীয় যখন তাহরির চত্বরের সাহসী তরুণ বিপ্লবীদের থেকে মুখ ফিরিয়ে ব্যালট বাক্সের দিকে ছুটেছে, তখন আমার মনে পড়ছে ৬০ বছর আগের একটি দিনের কথা। আজ জেনারেল মোহাম্মদ নেগুইবকে মনে করা দরকার। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিসরের প্রথম বিপ্লব শুরু করেছিলেন। ঠিক ৬০ বছর আগে তিনি মিসরের বাদশাহ ফারুককে উচ্ছেদের পরিকল্পনা করেন। মিসরীয় সেনাবাহিনীর সহযোদ্ধাদের নিয়ে হোঁতকা ফারুককে হত্যা না নির্বাসনে দেওয়া হবে, তা নিয়ে বিতর্ক করছিলেন তিনি।গামাল আবদেল নাসেরের মত ছিল, রাজাকে হত্যা করা হোক। নেগুইব সহযোদ্ধাদের এ বিষয়ে ভোটাভুটি করতে বললেন। বিপ্লবের শুরুতেই নাসের নেগুইবকে একটা চিঠি লিখলেন: ‘...ফারুককে বিনা বিচারে হত্যা করতে পারব না আমরা। আবার তাকে জেলে আটকে রাখাও আমাদের জন্য পোষাবে না। তার থেকে ফারুককে বিদেশে পাঠিয়ে দিই। ইতিহাসই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে।’নাসেরই ঠিকঠাক বুঝেছিলেন; বিপ্লবের পরের যে সময়টিতে ‘বিপ্লবের অন্যান্য লক্ষ্য নিয়ে’ তর্ক-বিতর্কে ব্যতিব্যস্ত থাকার কথা, সে সময়ে সময়সাপেক্ষ বিচারের পথে না গিয়ে বুড়ো ভামকে দেশ থেকে করে দেওয়াই উত্তম।’ মিসরের আজকের সামরিক বাহিনীও একই রকম চতুর, কিন্তু ভিন্ন একটি খেলা খেলছে। তারা পতিত স্বৈরশাসক মোবারকের বিচার চালিয়ে যাবে। জনগণ বিচার-নাটকে বুঁদ হয়ে থাকবে, নাটকীয় শাস্তির অপেক্ষা তাদের মন থেকে ভবিষ্যতের প্রশ্নগুলো সরিয়ে রাখবে। ফাঁকতালে মোবারকের সাঙ্গপাঙ্গরা আঁতাতের মাধ্যমে তাদের নিজস্ব সুবিধাগুলো টিকিয়ে রাখার বন্দোবস্ত করবে। মিসরের বিচারকদের ক্লাবের সাবেক নির্বাচিত প্রধান জাকারিয়া আবদুল আজিজ ঠিকই বলেছেন। ২০১১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনেক দিন ধরে হত্যাকাণ্ড চলেছিল। কিন্তু জেনারেলরা তা থামানোর জন্য কাউকে কোনো নির্দেশই দেননি। দায় কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার নয় এবং তাদের কোনো শাস্তিও হবে না। বিচার বিভাগের একে প্রয়োজন, আর বিচার বিভাগকে প্রয়োজন সামরিক পরিষদের।মোবারকের হাতে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ বিচারকেরাই তো স্বৈরশাসকের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিককে নির্বাচনে প্রার্থিতার অনুমতি দিয়েছিলেন। তাতে করেই এই ব্যক্তি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দ্বিতীয় হওয়ার সুযোগ পান। দোহা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর আশুর মনে করেন, ‘গত বছরের মার্চ মাসে বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এসএসআইসহ অন্যান্য সরকারি দপ্তর দখলে নেওয়ার পর, প্রতিটিতেই নির্যাতনের সাজসরঞ্জাম দেখতে পায়।’আর যাঁরা মোবারকের হয়ে বদলাবদলিভাবে কখনো ফরাসি কেতার স্যুট অথবা উর্দি পরে এসব গণশত্রু প্রতিষ্ঠান চালাতেন, তাঁদেরই বা কী হয়েছিল? তাঁদের টিকিটাও স্পর্শ করা যায়নি।যে পরিহাসের সঙ্গে ওমর আশুর ‘বিচারহীনতার সংস্কৃতি’র কথা বলেছেন, আমি সেই পরিহাস করব না। কিন্তু ওই সব নির্যাতনকারীর বিচার না হওয়া মানে তিন লাখ সদস্যের এসএসআই ও সিএসএফের গুন্ডারা আগের কায়দাতেই দেশ পরিচালনা করে যাবে। এখনো দেশ চালাচ্ছেন সেই মোবারকের পুরোনো বন্ধু ফিল্ড মার্শাল তানতাবি। তাঁর নেতৃত্বে পরিচালিত সশস্ত্র বাহিনীগুলোর সর্বোচ্চ পরিষদ এসব গর্হিত কাজকারবার সম্পর্কে কিছু জানে না, তা নয়। মোবারক হলেন আজকের ফারুক এবং তাঁর পুত্র গামাল ও আলা হলেন রাজপরিবারের ভবিষ্যৎ নেতা। তাহলে ২০১১ সালের মিসরীয় বিপ্লব হলো ১৯৫২-এর পুনরাবৃত্তি, যদিও এবারের রাজা নির্বাসিত হননি এবং একটি ছায়া রাজতন্ত্র এখনো ক্ষমতাসীন।সাংবাদিক ও শিক্ষকেরা বিশ্বাস করেন, গত বছরের বিদ্রোহী তরুণেরা আবারও তাহরির চত্বরে জড়ো হবে এবং লাখ লাখ মানুষ এসে এ ধরনের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাবে। এই আশাবাদ কতটা বাস্তব, আমি জানি না। গত সপ্তাহেই তো দেখা গেল, মিসরীয়রা প্রতিবাদের বদলে নির্বাচনের রাস্তাই বেছে নিয়েছে। নিরাপত্তা বাহিনীগুলো যদি আগের মতো করেই দেশ চালাতে থাকে এবং একে যদি গণতন্ত্রও বলা হয়, তাহলে মিসর হবে আলজেরিয়ার ধরনের গণতন্ত্র, তিউনিসিয়ার মতো নয়।আবার নেগুইবের কথায় আসি। ১৯৫২ সালে তাঁর হাতেই উচ্ছেদ হওয়া বাদশাহ ফারুককে নির্বাসনে পাঠানোর কালে জেনারেল নেগুইব বাদশাহর রাজকীয় প্রমোদতরিতে আসেন। ফারুক তাঁকে বলেন, ‘আশা করি আপনি ভালোভাবে সেনাবাহিনীর দেখাশোনা করবেন। আপনি জানেন, আমার দাদা এর জন্মদাতা।’ নেগুইব উত্তর দিলেন, ‘মিসরীয় সেনাবাহিনী এখন ভালো হাতেই আছে।’ আর নেগুইবের প্রতি বাদশাহর শেষ কথা কী ছিল? বাদশাহ বলেন, ‘আপনার কাজ অনেক কঠিন হবে। কাজটা সহজ না, আপনি তো জানেনই, মিসর শাসন করা...।’নেগুইব কথা না বাড়িয়ে বলেন, সেনাবাহিনীর পক্ষে শাসন করা বরং সহজ হবে। কারণ, ‘আমরা এখন মিসরীয় জনগণের সঙ্গে আছি।’ তা তো বটেই। এরপর নাসের নেগুইবকে উৎখাত করেন, কারাগারগুলো আবার খোলা হয় এবং নির্যাতনকেন্দ্র বসানো হয়। তারপর এলেন জেনারেল সাদাত এবং তারপর জেনারেল মোবারক। কে আছেন তাহলে এখন?যুক্তরাজ্যের দি ইনডিপেনডেন্ট পত্রিকা থেকে নেওয়া: ইংরেজি থেকে অনুবাদ।রবার্ট ফিস্ক: ব্রিটিশ সাংবাদিক, মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ।