নির্বাচনকে স্বাগত জানালেও কারচুপির অভিযোগ তুললেন ইমরান

পাকিস্তানে গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাপতি ইমরান খান আজ রোববার নির্বাচন প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এতে দেশটা গণতন্ত্রের দিকে এক ধাপ এগিয়ে গেল। তবে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনে কারচুপি হয়েছে। দ্য নিউজ ইন্টারন্যাশনালের অনলাইন সংস্করণের খবরে বলা হয়, ইমরানের প্রধান প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফ নিজেকে বিজয়ী ঘোষণার ১৭ ঘণ্টা পর ইমরান খান এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এসব মন্তব্য করেন।
ইমরান খান এখন একটি হাসপাতালে চিকিত্সাধীন। গত মঙ্গলবার এক নির্বাচনী সমাবেশে তিনি একটি ক্রেনে উঠতে গিয়ে পড়ে যান এবং তাঁর মেরুদণ্ড ফেটে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে ইমরান খান ওই চ্যানেলকে বলেন, ‘এত বড় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আমি পুরো জাতিকে অভিনন্দন জানাই। আমরা গণতন্ত্রের পথে এগিয়ে চলেছি।’ তিনি বলেন, ‘যেসব মানুষ এর আগে কখনো ভোট দেয়নি, তারাও এবার বাড়ি থেকে বেরিয়েছে আর এটা দেখে পুরো জাতি আপ্লুত। এখন দেশের মানুষ বুঝতে পারছে যে তাদের তকদির তাদের হাতেই।’
নির্বাচনে কারচুপি বিষয়ে ইমরান বলেন, ‘আল্লাহ চাইলে, আমরা এক শ্বেতপত্র প্রকাশ করব।’
ইমরান যে পরিমাণ ভোট পাওয়ার জন্য প্রচার চালিয়েছিলেন, তার চেয়ে অনেক কম ভোট পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যে পরিমাণ তরুণ ও নারীদের সমর্থন তিনি পেয়েছেন, তাতে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, ‘জয়-পরাজয় স্বাভাবিক। কিন্তু তরুণদের মধ্যে যে উত্সাহ দেখেছি, তারপর আমার সব বেদনা চলে গেছে।... আমি নারীদের ধন্যবাদ দিই। পাকিস্তানের ইতিহাসে এত নারী কখনো একসঙ্গে ভোট দিতে যায়নি। তারা নতুন পাকিস্তান তৈরিতে উত্সাহী, এটা দেখে প্রাণে আশা জাগছে।’