নির্বাচনী উত্তেজনায় অসুস্থদের নিয়ে হিমশিম
তাইওয়ানে গত শনিবারের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট মা ইং-জিউ। তিনি পেয়েছেন ৫১ দশমিক ৫ শতাংশ ভোট। আর বিরোধীদলীয় নেতা টিসাই ইং-ওয়েন পান ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট।টান টান উত্তেজনার এ নির্বাচনের প্রভাব পড়েছে দেশটির সাধারণ মানুষের ওপর। অনেকেই এ হাড্ডাহাড্ডি লড়াইয়ের চাপ নিতে পারেননি। বিশেষ করে স্নায়ু-দুর্বল সমর্থকেরা মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন। আর তাঁদের সারিয়ে তুলতে ব্যস্ত এখন দেশটির মনোবিদেরা। তাঁদের কাছে নির্বাচনী উত্তেজনায় অসুস্থ হয়ে পড়া রোগীদের ভিড় বেড়েই চলেছে।কর্মকর্তারা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে কোনো কোনো হাসপাতালে রোগীর চাপ এত বেড়ে গেছে যে তাঁদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। কিছু হাসপাতালে এরই মধ্যে এ ধরনের রোগীর সংখ্যা ৩০ শতাংশ ছাড়িয়েছে।এই রোগীদের বেশির ভাগই অনিদ্রা ও চোখের সমস্যায় ভুগছেন। সারাক্ষণ টেলিভিশনে নির্বাচনী খবর দেখতে দেখতে তাঁদের চোখ ফুলে গেছে। ব্যথা হয়ে গেছে সারা শরীর। এ ছাড়া টানা নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণে মূত্রাশয়ও সংক্রমিত হয়েছে অনেকের।রাজধানী তাইপের সু-তিয়েন ইউরোলজি অফথালমোলজি ক্লিনিকের মনোবিদ বিভাগের পরিচালক চিয়াং হান-কুয়াং বলেন, টেলিভিশনে নির্বাচনসংক্রান্ত খবরে স্নায়ু-দুর্বল মানুষ সহজেই উত্তেজিত হয়ে থাকেন। ফলে এঁদের স্বাভাবিক ঘুম কঠিন হয়ে পড়ে। তাঁদের মানসিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। তিনি পরামর্শ দিয়ে বলেন, এসব রোগীর স্বজনদের উচিত টেলিভিশন বন্ধ রেখে তাঁদের মনোযোগ অন্যত্র সরিয়ে নেওয়া অথবা তাঁদের বাইরে নিয়ে গিয়ে বেড়িয়ে আসা। চিয়াং হান-কুয়াং বলেন, রোগীর প্রাত্যহিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে তাইওয়ানে প্রতিবছর অনেকে এভাবে অসুস্থ হন। স্লোগান ও পতাকা বহন করতে গিয়ে তাঁরা কাঁধ ও গলাব্যথায় ভোগেন।তাইওয়ানের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যানেত্তি লু সমর্থকদের প্রতি অতি-উৎসাহী না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় আছে।’ এএফপি ও সিএনএ।