নির্বাচনী দৌড়ে ওবামা ও রমনির অবস্থান খুবই কাছাকাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি খুবই কাছাকাছি অবস্থানে রয়েছেন। সিএনএনের নতুন জনমত জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।সিএনএন জানায়, এই মুহূর্তে ওবামা ও রমনি কার্যত খুবই কাছাকাছি অবস্থায় থাকার কারণ হলো, দুজনের মধ্যে কারোরই অর্থনৈতিক ইস্যুতে পরিষ্কার কোনো অবস্থান নেই। সিএনএন/ওআরসি ইন্টারন্যাশনালের জরিপ অনুসারে ৪৯ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন, নভেম্বরের নির্বাচন এই মুহূর্তে অনুষ্ঠিত হলে তাঁরা ওবামাকে ভোট দেবেন। আর ৪৬ শতাংশ ভোটার রমনিকে ভোট দেওয়ার কথা বলেছেন। এর আগে গত এপ্রিলে সিএনএন সর্বশেষ জরিপ পরিচালনা করে। সে সময় জরিপের ফলাফলে দেখা যায়, রমনির চেয়ে ৯ শতাংশ বেশি ভোটার ওবামাকে ভোট দেওয়ার কথা বলেছেন। রিয়েলক্লিয়ারপলিটিক্স ডটকম নামের একটি জনমত জরিপকারী প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, জরিপের ফলাফলে ওবামা রমনির চেয়ে মাত্র ২ দশমিক ৫ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন। এদিকে নিউইয়র্ক টাইমস বলেছে, যুক্তরাষ্ট্রে ব্যাপক বেকারত্বের খবর ওবামার জন্য অশনিসংকেতের ইঙ্গিত দিচ্ছে এবং রমনির জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গত শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্রমবর্ধমান দুর্বলতার কারণে চাকরির বাজারে হতাশাব্যঞ্জক চিত্র ফুটে উঠেছে। পিটিআই।