নির্বাচনী প্রচারণায় পূর্ণ সুস্থ ছিলেন না হুগো চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসার থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই নির্বাচনী প্রচারণা চালানোর কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ঠিকমতো প্রচারণা চালাতে না পারায় নির্বাচনে তিনি ভোট কম পেয়েছেন।গত শনিবার এক বৈঠকে চাভেজ বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি তাঁর সামর্থ্যের মাত্র ১০ ভাগ প্রয়োগ করতে পেরেছেন। পুরোপুরি সুস্থ থাকলে তিনি আরও বেশি প্রচারণা চালাতে পারতেন। রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিতে শ্যাভেজের এ বক্তৃতা প্রচার করা হয়।৭ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৫৫ দশমিক ২৬ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরিকে ক্যাপরিলেস পান ৪৪ দশমিক ১৩ শতাংশ ভোট। চাভেজ বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ থাকলে কমপক্ষে ২০ শতাংশ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারাতাম।’ চাভেজ ১৯৯৯ সালে প্রথম ভেনিজুয়েলার রাষ্ট্রক্ষমতায় আসেন। ২০১১ সালে তাঁর ক্যান্সার ধরা পড়ে। এএফপি।