নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বীর কঠোর সমালোচনা চাভেজের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ নিজ শহর সাবানেতায় নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলসের কঠোর সমালোচনা করেছেন। তিন দিনে ছয়টি রাজ্যে প্রচারণা চালানোর উদ্দেশে বের হয়ে গত সোমবার সাবানেতায় প্রচারণা চালান চাভেজ। আগামী রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।চাভেজ সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলসের সমালোচনা করে বলেন, হেনরিক মাদক চোরাচালানকারীদের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিদেশ থেকেও অর্থ পেয়েছেন তিনি। চাভেজ অভিযোগ করেন, ব্যবসায়ী হেনরিক তাঁর প্রচারণায় অনেক অর্থ ব্যয় করছেন। এসব অর্থ তিনি ফেরারি ব্যাংকার, মাদক চোরাচালানি ও বিদেশিদের কাছ থেকে পেয়েছেন। এসব অভিযোগ সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি চাভেজ।বামপন্থী নেতা হুগো চাভেজ ১৪ বছর ধরে ক্ষমতায় আছেন। আবারও ছয় বছর মেয়াদে নির্বাচিত হওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি। সর্বশেষ জনমত জরিপে চাভেজ তাঁর প্রতিদ্বন্দ্বী হেনরিকের চেয়ে এগিয়ে আছেন। এএফপি।