নির্বাচনী প্রচারে গিয়ে বাবুল সুপ্রিয় লাঞ্ছিত
ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে প্রচারে বেরিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়। তিনি আসানসোল আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা তাঁকে লাঞ্ছিত করেছেন।
গতকাল শনিবার আসানসোলের রানীগঞ্জে নির্বাচনী প্রচার চালানোর সময় এ ঘটনা ঘটে। এ সময় বিজেপির বেশ কয়েকজন নেতা-কর্মীও আহত হয়েছেন।
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা দলটির নেতা-কর্মীদের মারধর করে। এ ঘটনা শুনে নেতা-কর্মীদের উদ্ধারে বাবুল সুপ্রিয় ঘটনাস্থলে গেলে তাঁকেও লাঞ্ছিত করে তৃণমূল সমর্থকেরা। প্রতিবাদে বিজেপির সমর্থকেরা রানীগঞ্জের নেতাজি সুভাষ রোড অবরোধ করে রাখে। পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এদিকে বাবুল সুপ্রিয়কে লাঞ্ছিত করার ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।
পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বাবুল সুপ্রিয় বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত তৃণমূল-সমর্থকদের পুলিশ আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়।