নির্বাচনী প্রতিশ্রুতিতে 'জলবায়ু পরিবর্তন' সম্পৃক্তের দাবিতে যুক্তরাজ্যে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনে জলবায়ু পরিবর্তনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল, আগামী ৭ মে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের দলগুলো যাতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়টি তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্ত করে। 

অবশ্য দেশটির প্রধান তিনটি দলের নেতা এর আগে এক যৌথ বিবৃতিতে ঘোষণা দিয়েছেন, নির্বাচনে ফলাফল যাই হোক তাঁরা জলবায়ু ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নিজেদের মধ্যে বিষয়টি সমঝোতা করলেও তাঁরা ইস্যুটিকে দলীয় প্রতিশ্রুতিতে সম্পৃক্ত করেননি।
চলতি বছরের ডিসেম্বর মাসে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর কাছ থেকে বায়ুদূষণরোধে একটি কার্যকর প্রতিশ্রুতি আদায় করে নিতে এখন থেকে কাজ শুরুর আহ্বান জানানো হয় শোভাযাত্রা থেকে। জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত নানা তথ্য ও দাবিদাওয়া-সংবলিত বিভিন্ন ব্যানার, পোস্টার এবং বাদ্যযন্ত্র নিয়ে শতাধিক সংগঠনের হাজার হাজার প্রচারকর্মী (ক্যাম্পেইনার) শোভাযাত্রায় অংশ নেন।
ক্যাম্পেইন অ্যাগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ নামের একটি চাপপ্রয়োগকারী গ্রুপ ‘টাইম টু অ্যাক্ট’ শিরোনামের এই শোভাযাত্রার আয়োজন করে। সেন্ট্রাল লন্ডনের লিঙ্কন ইন ফিল্ডস থেকে শুরু হয়ে পার্লামেন্ট স্কয়ারে গিয়ে তা শেষ হয়। সেখানে পরিবেশবাদী সংগঠনগুলোর নেতারা দুই যুগ ধরে জলবায়ু পরিবর্তনরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার জন্য উন্নত দেশগুলোর সরকার ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতাকে দায়ী করেন।
বাংলাদেশের তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিনিধি ও ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের শিক্ষক রুমানা হাসেম এবং ক্যাম্পেইনার গোলাম রব্বানী বাংলাদেশের পক্ষে ব্যানার হতে শোভাযাত্রায় অংশ নেন।