নির্বাচনী বিতর্ক নিয়ে ঝামেলা পাকিয়েই যাচ্ছেন ক্যামরন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নির্বাচনপূর্ব সরাসরি টিভি বিতর্ক নিয়ে একের পর এক ঝামেলা পাকিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। টিভি চ্যানেলগুলোর দুই দফা প্রস্তাবে খুঁত ধরার পর এবার ক্যামেরন বললেন, প্রস্তাবিত সাত নেতার একটি বিতর্কে অংশ নিতে তিনি রাজি আছেন। তবে সেটা হতে হবে নির্বাচনের মূল প্রচারণা শুরুর আগেই।
নির্বাচনের মূল আকর্ষণ বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডের সঙ্গে ‘হেড টু হেড’ বিতর্কে রাজি হচ্ছেন না ক্যামেরন। বিরোধী পক্ষগুলো বলছে, ক্যামেরন সরাসরি বিতর্কে ভয় পাচ্ছেন, কারণ তিনি বিরোধী নেতাদের প্রশ্নের জবাব দিতে পারবেন না। ক্যামেরনের দল এখনো পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করেনি উল্লেখ করে বিরোধীরা আরো বলছেন, ইশতেহার ঘোষণার আগে বিতর্কের কোনো মানে হয় না।
আগামী ৭ মে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ চলতি সংসদ ভেঙ্গে দেওয়ার পর ৯ এপ্রিলের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপরই শুরু হবে নির্বাচনী মূল প্রচারণার পর্ব। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে নেতাদের টিভি বিতর্ক নির্বাচনী সংস্কৃতি। তবে যুক্তরাজ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয় গত নির্বাচনে (২০১০ সালে)। অভিযোগ আছে, সেই বিতর্কে বতর্মান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভাল করতে না পারায় কনজারভেটিভ দলের মূল ইস্যুগুলো চাপা পড়ে গিয়েছিলো। অন্যদিকে তৃতীয় অবস্থানের দল লিবারেল ডেমোক্রেট নেতা নিক ক্লেগ (বর্তমান উপপ্রধানমন্ত্রী) ওই বিতর্কের সুবাদে ভোটারদের নজর কেড়েছিলেন। যার ফলে ৫৭ আসনে বিজয়ী হয়ে তিনি সরকারে ভাগ বসান। গতবার বিতর্কে অংশ নেওয়া তিন দল কনজারভেটিভ, লেবার ও লিবারেল ডেমোক্রেট দলের পাশাপাশি এবার হালে আলোচনায় আসা কট্টরপন্থী ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টির (ইউকিপ) নেতাকেও বিতর্কের আমন্ত্রণ জানানো হয়। বলা হয়, তিন দলের নেতাদের নিয়ে দুটি এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মধ্যে অপর বিতর্ক অনুষ্ঠিত হবে। গ্রিন পার্টিকে কেন বিতর্কের আমন্ত্রণ দেয়া হলো না-এমন ঠুনকো অজুহাতে সেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন প্রধানমন্ত্রী।
টিভি চ্যানেলগুলো নতুন প্রস্তাবে গ্রীন পার্টির পাশাপাশি স্কটিশ ন্যাশনাল পার্টি ও ওয়েলশ ন্যাশনালিষ্টস প্লেইড কিমরুকে অন্তর্ভূক্ত করে। বলা হয়, বিবিসি এবং আইটিভি সাত নেতার সমন্বয়ে একটি করে বিতর্ক প্রচার করবে এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মধ্যে তৃতীয় বিতর্কটি স্কাই এবং চ্যানেল ফোর যৌথভাবে সম্প্রচার করবে। যথাক্রমে ২, ১৬ এবং ৩০ এপ্রিল এসব বিতর্কের সময় নির্ধারণ করা হয়। ওই প্রস্তাবে বিষয়ে ক্যামেরন গোঁ ধরেন যে, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টিকেও (ডিইউপি) আমন্ত্রণ জানাতে হবে। সম্প্রতি বিবিসি ডিইউপি’র বিতর্কে অংশ নেওয়ার আবেদন নাকচের পর ক্যামেরন শুধুমাত্র একটি বিতর্কে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান। কনজারভেটিভ দল মনে করছে, মিলিব্যান্ডের সঙ্গে বিতর্কে অংশ না নেওয়ার সমালোচনা দু-চারদিন পর থেমে যাবে, কিন্তু নির্বাচনের সাতদিন আগে মিলিব্যান্ডের সঙ্গে বিতের্কর ক্ষতি হতে পারে অপূরণীয়।
ক্যামেরন রাজি না হলে তাঁর চেয়ার খালি রেখে বিতর্ক চালিয়ে যাওয়ার যে ঘোষণা টিভি চ্যানেলগুলো দিয়েছিলো, বতর্মান পরিস্থিতিতে চ্যানেলগুলো সেদিকে এগোবেনা বলে মনে করা হচ্ছে। কেননা ওই রকম কিছু করা চ্যানেলগুলোর নিরপেক্ষÿতার লঙ্ঘণ হিসেবে বিবেচিত হতে পারে।