নির্বাচনী ব্যয়ের দুই তৃতীয়াংশই কালোটাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ‘হিসাববহির্ভূত অর্থের’ প্রবাহ ততই বাড়ছে। এবারের নির্বাচনে মোট ৩০ হাজার কোটি রুপি খরচ হচ্ছে, যার দুই-তৃতীয়াংশই অবৈধ উৎস থেকে এসেছে। সিএমএস নামের একটি গবেষণা প্রতিষ্ঠান এমনই তথ্য জানিয়েছে।
সিএমএসের গবেষণা অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা এসব অর্থ নির্বাচনী প্রচার, গণমাধ্যমভিত্তিক প্রচারণা, মনোনয়নপত্র ক্রয়, নির্বাচনী কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন, নির্বাচন-পূর্ব ব্যয় প্রভৃতি খাতে খরচ করছেন। এই ব্যয়ের পরিমাণ ভারতের যেকোনো নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। জাতীয় ও আঞ্চলিক দলগুলো ৮-১০ হাজার কোটি রুপি খরচ করছে। আর ব্যক্তিগত পর্যায়ে প্রার্থীরা ব্যয় করছেন ১০-১৩ হাজার কোটি রুপি।
শেয়ারবাজার, সোনা চোরাচালান এবং অন্যান্য উপায়ে বিদেশ থেকে ইতিমধ্যে কোটি কোটি রুপি ভারতে আনা হয়েছে। শেয়ার নিয়ন্ত্রণকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় সংস্থাগুলো ভারতে অবৈধ অর্থের প্রবাহের ওপর নজরদারি করলেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে বলে বিশ্লেষকেরা দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শেয়ারবাজারের মাধ্যমে গত দুই থেকে তিন মাসে দেড় থেকে পাঁচ হাজার কোটি রুপি এসেছে। এই অর্থ নির্বাচনী প্রচারণায় খরচ হবে।
সিএমএসের প্রধান এন ভাস্করা রাও বলেন, অর্থের বিনিময়ে ভোট সংগ্রহের প্রবণতা নির্বাচনের তিন-চার দিন আগে দ্রুতগতিতে বাড়তে দেখা যায়। মোট ব্যয়ের ২৫ শতাংশই গণমাধ্যমে প্রচারণায় খরচ হয়।
প্রতিভূতি বিনিয়োগ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সহসভাপতি সুনীল পাচিসিয়া বলেন, দুটি কারণে দু-এক বছর ধরে অবৈধ অর্থ ফিরে আসছে। প্রথমত, নির্বাচনী প্রচার কার্যক্রম এবং দ্বিতীয়ত, বিজেপির নরেন্দ্র মোদি ক্ষমতায় গেলে ব্ল্যাক মানি ফেরত আনা বন্ধ করতে কঠোর আইন প্রণয়নের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সে পর্যন্ত অপেক্ষা না করে গোপন অর্থের প্রবাহ শুরু হয়ে গেছে।
কালোটাকা এখন আর সুইস ব্যাংকে নেই বলে বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী দুই বছর আগে দাবি করলেও কেউ বিশ্বাস করেনি। মুম্বাইভিত্তিক হিসাব নিরীক্ষক বিজয় যাদব বলেন, জনসাধারণের কাছে ইতিমধ্যে ২৩ লাখ কোটি রুপির সমপরিমাণ অবৈধ অর্থ পৌঁছে গেছে। দেশে সোনার চাহিদা বেড়েছে বলে যে তথ্য জনগণকে দেওয়া হয়েছে, তা সঠিক নয়। আসলে বিদেশে পড়ে থাকা অনুৎপাদনশীল সোনা ফিরিয়ে আনাই ছিল ওই প্রচারণার মূল কারণ। ইন্ডিয়া টুডে ও পিটিআই।