নির্বাচনী সহিংসতায় ২৮ জন নিহত
পাকিস্তানে গতকাল শনিবারের সাধারণ নির্বাচনে করাচি, পেশোয়ারসহ বিভিন্ন স্থানে বোমা হামলা ও অন্য সহিংসতায় কমপক্ষে ২৮ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। এর মধ্যে শুধু বন্দরনগর করাচিতেই ১৮ জন নিহত ও প্রায় ১০০ ব্যক্তি আহত হয়।কর্মকর্তারা জানান, করাচিতে প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমানুল্লাহ মেহসুদকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে শিশুসহ ১৮ জন নিহত ও ৯৫ জন আহত হয়। তবে হামলায় মেহসুদ অক্ষত রয়েছেন। তালেবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবান গোষ্ঠী আগেই নির্বাচনের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছিল। তালেবানের মুখপাত্র ইহসানুল্লাহ ইহসান বলেন, ‘একই রকম হামলা আরও চালানো হবে।’পুলিশ বলেছে, পেশোয়ারে নারী ভোটারদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১২ জন আহত হয়। মারদান জেলায় আরেক ভোটকেন্দ্রের কাছে এক বোমা বিস্ফোরণে চারজন আহত হয়েছে। বেলুচিস্তানের কালাতে বন্দুকধারীদের গুলিবর্ষণে সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত ও চার সদস্য আহত হন। চামানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে গুলিবিনিময়ে নিহত হয়েছে চারজন। এ ঘটনায় আহত হয় ১০ জন। সহিংসতায় নাসিরাবাদে একজন, জাফরাবাদে দুজন ও নওয়াবশাহে একজন নিহত হয়। ডন।