নির্বাচনে অংশ নিতে চান কাদির খান
পাকিস্তানের পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খান নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে রাজনীতিবিদদের ব্যর্থ আখ্যা দিয়ে দেশটিতে টেকনোক্র্যাট সরকার গঠনের পরামর্শ দিয়েছেন।কাদির খান গত বুধবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এসব মন্তব্য করেন। পাকিস্তানের এই পরমাণুবিজ্ঞানীর বিরুদ্ধে ইরান ও উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশে পরমাণু বোমা তৈরির প্রযুক্তি পাচারের অভিযোগ রয়েছে।পাকিস্তান কাদির খানের নেতৃত্বে ১৯৯৮ সালে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। ওই সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। ৭৬ বছর বয়সী কাদির খান বর্তমান প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফকে রাজনীতি ছেড়ে দিয়ে ব্যবসায় মনোযোগ দিতে বলেন। তিনি পরামর্শ দেন, দলের দায়িত্ব তাঁর ছোট ভাই ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের হাতে ছেড়ে দেওয়ার।কাদির খান বলেন, তিনি পাকিস্তানকে এগিয়ে নিতে কিছু করতে চান। তিনি বলেন ‘আমরা চাওয়া, আগামী প্রাদেশিক ও জাতীয় পরিষদের নির্বাচনে যেন শুধু শিক্ষিত লোকজনই জিতে আসেন।’ কাদির বলেন, বিজ্ঞানী ও প্রকৌশলীসহ টেকনোক্র্যাট সদস্য ছাড়া পাকিস্তান এগিয়ে যেতে পারবে না। দেশ পরিচালনায় টেকনোক্র্যাটদের সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, বিশ্বের সব দেশ টেকনোক্র্যাটদের সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তান রাজনীতিবিদদের নেতৃত্বে উন্নতির চেষ্টা করছে। তিনি আরও বলেন, তিনি সব সময় রাজনীতিবিদদের আন্তরিকতার সঙ্গে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কেউ তাঁর কথা কানেই তোলেন না।নির্বাচনে অংশ নিতে কাদির খানের ইচ্ছা পোষণ করার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, কাদির খানের সঙ্গে তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান সাবেক ত্রিকেটার ইমরান খানের সঙ্গে যোগাযোগ হয়েছে। কাদির খান ওই দলে যোগ দিতে পারেন। পাকিস্তানের সাম্প্রতিক সরকারগুলোর সমালোচনা করে কাদির বলেন, পাকিস্তান মুঠোফোন আমদানি করতে ২৫ কোটি রুপি ব্যয় করছে। তিনি প্রশ্ন করেন, ‘আমরা যদি আণবিক বোমা তৈরি করতে পারি, তাহলে মুঠোফোন বা গাড়ির মতো ছোট জিনিসগুলো কেন তৈরি করতে পারব না?’কাদির খান শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির শুরুর দিকের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘১৯৭৪ সালে ভারত যখন পারমাণবিক বোমার প্রথম বিস্ফোরণ ঘটায়, তখন আমি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুরু করার জন্য প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর কাছে চিঠি লিখেছিলাম।’ পিটিআই।