নির্বাচনে অংশ নিতে দার্জিলিংয়ে গোর্খানেতা সুভাষ
ভারতের দার্জিলিংয়ের গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (জিএনএলএফ) চেয়ারম্যান সুভাষ ঘিসিং তিন বছর পর গতকাল শুক্রবার সকালে নিজ বাড়িতে ফিরেছেন। তাঁর দল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে অংশ নিতে তিনি গোর্খা জনমুক্তি মোর্চার হুমকি উপেক্ষা করে নিজের বাড়িতে ফেরেন। এ সময় তাঁর সমর্থকেরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।দার্জিলিংকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য করার দাবিতে ১৯৮০ সালে সুভাষ ঘিসিং সমর্থকদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন। এরপর সরকারের মধ্যস্থতায় ১৯৮৮ সালে পৃথক রাজ্যের পরিবর্তে গঠিত হয় দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ। এর চেয়ারম্যান হন তিনি। ২০০৮ সাল পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।সুভাষের দলের কাউন্সিলর বিমল গুরুং ২০০৮ সালে জিএনএলএফ থেকে বেরিয়ে গড়েন গোর্খা জনমুক্তি মোর্চা। এরপর বিমল গুরুংয়ের নেতৃত্বে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়। সুভাষ ঘিসিং ২০০৮ সালে গোর্খা পার্বত্য পরিষদ থেকে পদত্যাগ করেন। গোর্খা জনমুক্তি মোর্চা তাঁর বিরোধিতা করতে থাকে। একপর্যায়ে সুভাষ দার্জিলিংয়ের বাড়ি ছেড়ে জলপাইগুড়িতে আশ্রয় নেন।