দেশব্যাপী প্রচণ্ড বিক্ষোভের মুখে তিউনিসিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বিন আলী গত বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিয়েছেন, ২০১৪ সালে তিনি আর পরবর্তী দফায় প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন না। প্রেসিডেন্টের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিরোধীরা। তবে প্রেসিডেন্টের ওই ঘোষণার পর গতকাল শুক্রবার রাজধানী তিউনিসে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তারা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে।জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বিন আলী বলেন, ‘আপনাদের বিষয়টি আমি বুঝতে পেরেছি।’ উত্তর আফ্রিকার এই নেতা ২৩ বছর ধরে কঠোর হাতে দেশ শাসন করছেন। ৭৪ বছর বয়সী বিন আলী স্বীকার করেন, তিনি ভুলপথে বিক্ষোভ থামানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দেন।বিন আলীর দল তাঁকে ২০১৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার জন্য বলছে। তবে তিনি জানান, সংবিধানে প্রেসিডেন্টের সর্বোচ্চ যে বয়সসীমা বেঁধে দেওয়া আছে তা পরিবর্তন করে নির্বাচন করার ইচ্ছা তাঁর নেই।প্রেসিডেন্ট বলেন, ‘আজই জানিয়ে দিয়েছি, সারাজীবন প্রেসিডেন্ট থাকতে চাই না এবং একই সঙ্গে সংবিধানে প্রেসিডেন্টের সর্বোচ্চ বয়সসীমা পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছি।’ এ ছাড়া বিন আলী জানান, তাঁর বাহিনী আর বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে না।প্রেসিডেন্ট বলেন, ‘গোলাগুলি অনেক হয়েছে, আমি আর এসব দেখতে চাই না।’তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রেসিডেন্ট যখন জাতিকে এসব প্রতিশ্রুতি দিচ্ছেন তখনই দেশের মধ্যাঞ্চলের কায়রুয়ান শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে দুজন নিহত হয়। সেখানে তিনটি পুলিশ ফাঁড়ি, নগর কর্তৃপক্ষের একটি ভবন ও বিন আলীর দলের একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।তবে পরবর্তী মেয়াদে নির্বাচন না করা এবং বিক্ষোভ-সহিংসতা বন্ধে প্রেসিডেন্টের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে বিরোধীরা। প্রধান বিরোধী দলের নেতা নাজিব ছেব্বি বলেন, ‘এ উদ্যোগ বেশ ভালো, তবে আমি বিস্তারিত জানার অপেক্ষায় আছি।’প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা ছেব্বি বলেন, ‘প্রেসিডেন্ট প্রধান বিষয়টি নিয়ে কথা বলেছেন অর্থাৎ সংস্কারের দাবি, যা আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম এবং এটা ভালো যে, তিনি পরবর্তী নির্বাচন না করার প্রতিশ্রুতি দিয়েছেন।’প্রেসিডেন্টের প্রতিশ্রুতি সত্ত্বেও গতকাল রাজধানীতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তারা স্লোগান দেয়, ‘বিন আলীকে চাই না, বিক্ষোভ চলবে।’ এএফপি ও রয়টার্স।