লিবিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনে ভয়াবহ হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স নিহত হওয়ার ঘটনার জন্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামাকে মূল্য দিতে হতে পারে।একই সঙ্গে এই ঘটনা ওবামার বিরুদ্ধে সমালোচনার নতুন খোরাক পেয়েছে মিট রমনির শিবির। এর আগে ওবামা ও তাঁর দল ডেমোক্রেটিক পার্টি নিজেদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে গর্ব করে রিপাবলিকানদের সমালোচনা করতেন। কিন্তু বেনগাজির ঘটনায় সেই গর্ব অনেকটাই ম্লান হয়েছে।১১ সেপ্টেম্বর লিবিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে ভয়াবহ হামলায় রাষ্ট্রদূত স্টিভেন্সসহ চারজন নিহত হন। শুরুতে একে যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর প্রতিবাদে ক্ষুব্ধ জনতার হামলা বলে ধরে নেওয়া হয়। কিন্তু এখন মার্কিন প্রশাসন সেই অবস্থান থেকে সরে এসেছে। গত শুক্রবার অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্সের মুখপাত্র শ্যন টার্নার বলেন, ‘লিবিয়ায় স্টিভেন্স হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের প্রাথমিক ধারণায় পরিবর্তন এসেছে। নতুনভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে এটা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট অথবা সংগঠনটির প্রতি সহানুভূতিশীল কেউ এ হামলার সঙ্গে জড়িত।’ বিভিন্ন ছবি, ভিডিওচিত্র ও প্রতিবেদনের ভিত্তিতে মার্কিন গোয়েন্দা এবং সন্ত্রাসবাদবিরোধী সংস্থাগুলোর কর্মকর্তারা বলছেন, এই হামলায় আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত লিবিয়ার মিলিশিয়া বাহিনীগুলো জড়িত থাকতে পারে। এমন বাহিনীর মধ্যে ইসলামিক মাগরেব ও আল-কায়েদার উত্তর আফ্রিকার শাখাকে বেশি সন্দেহ করছেন তাঁরা।এই পরিবর্তিত অবস্থানের কারণে নির্বাচনে প্রেসিডেন্ট ওবামাকে মূল্য দিতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, এত দিন মার্কিন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে ওবামার সমালোচনা করার মতো তেমন বড় কোনো বিষয় পায়নি রমনি শিবির। এটা নিয়ে বেশ গর্বও করতেন ডেমোক্র্যাট নেতারা। তবে এখন যেন সেই বিষয় পেয়ে গেলেন রিপাবলিকানরা। সাবেক কূটনীতিক ও রমনির উপদেষ্টা রিচার্ড এস উইলিয়ামসন বলেন, এই ঘটনা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একটি ভালো রসদ। এটি ওবামার পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তারিত বলার সুযোগ তৈরি করে দিয়েছে।বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু দলের প্রতি নিবেদিতপ্রাণ রিপাবলিকানদের কাছেই নয়, সাধারণ মার্কিন নাগরিকদের মনে প্রশ্ন জাগিয়েছে। কারণ, এতে গোয়েন্দাদের সঠিকভাবে তথ্য সংগ্রহ করার যোগ্যতা ও বিদেশে মার্কিন নাগরিক বা প্রতিনিধিদের পর্যাপ্ত নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট নেতা ও সিনেটে বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান জন কেরিও এই ঘটনায় বিচলিত। তিনি হোয়াইট হাউসের সংশ্লিষ্ট দপ্তরে একটি আবেদন করেছেন। সেই আবেদনে বিদেশে মার্কিন কূটনীতিকদের কীভাবে নিরাপত্তা দেওয়া হয়, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।স্টিভেন্সের হত্যাকাণ্ড নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেললেও তাতে ওবামার কোনো ক্ষতি হবে না বলে মনে করেন ডেমোক্র্যাট নেতারা। তাঁদের মতে, মার্কিন জনগণ লিবিয়ার ঘটনার চেয়ে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার কথাই বেশি মনে রাখবে, যা নিরাপত্তার বিষয়ে জনগণকে স্বস্তি দেবে। নিউইয়র্ক টাইমস।