নির্বাচনে কঠিন লড়াই হবে: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার নির্বাচনে কঠিন লড়াই হবে। গোষ্ঠীদ্বন্দ্বের কথা ভুলে জয়ের জন্য দলের নেতা-কর্মীদের এই লড়াইয়ে শামিল হতে হবে। ভারতের আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে এ কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার কেন্দ্রের বিষ্ণুপুরের পৈলানে দলীয় কর্মিসভায় মমতা এ আহ্বান জানান।
এর আগে মমতা ও দলের নেতা-কর্মীরা জোর গলায় বলে আসছিলেন, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে অন্তত ৩৫টি আসন পাবে তাঁদের দল। অথচ প্রচারে নেমে এখন কঠিন লড়াইয়ের কথা বলছেন তাঁরা।
তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘দলের অভ্যন্তরে গোষ্ঠী লড়াইয়ের সময় এখন নয়। সিপিএমের ধ্বংসাত্মক রাজনীতি, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং কংগ্রেসের দুর্নীতি ও জনস্বার্থবিরোধী রাজনীতির বিরুদ্ধে আমাদের এককভাবে লড়তে হচ্ছে। তাই ওই তিন প্রার্থীকে হারিয়ে জিততে হবে তৃণমূলকে।’
ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে ও তৃণমূল যুবার রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আসনের সাবেক সাংসদ ছিলেন সোমেন মিত্র। তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করায় এই আসনে মনোনয়ন পান অভিষেক। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছেন চিকিত্সক আবুল হাসনাত ও বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিত্ দাস।