নির্বাচনে কারচুপির অভিযোগ পুতিনবিরোধী বিক্ষোভ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় রোববার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাঁরা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আবার বিক্ষোভ শুরু করেছেন। গতকাল সোমবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ভ্লাদিমির পুতিন প্রায় ৬৪ শতাংশ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বীকে সুস্পষ্ট ব্যবধানে পরাজিত করেছেন। আঞ্চলিকভাবে পুতিন রাজধানী মস্কোয় যত ভোট পড়েছে তার অর্ধেকের কম তথা ৪৭ দশমিক ২২ শতাংশ ভোট পেয়েছেন। তবে সহিংসতা-জর্জরিত মুসলিমপ্রধান অঞ্চল চেচনিয়ায় পেয়েছেন ৯৯ দশমিক ৭৩ শতাংশ ভোট। এখানে ভোটারদের উপস্থিতি ছিল বিস্ময়কর ৯৯ দশমিক ৫৯ শতাংশ।ফলাফল ঘোষণার পরপরই গতকাল সোমবার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। জয়ের পর পুতিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টাকারীদের হাত থেকে তিনি দেশকে রক্ষা করতে পেরেছেন।’গত রোববার রাতে ক্রেমলিনের রেড ওয়ালের কাছে হাজার হাজার উৎফুল্ল জনতার এক সমাবেশে বক্তৃতা করেন পুতিন। এ সময় তিনি দেশের স্বার্বভৌমত্ব নষ্ট করার ও ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ প্রত্যাখ্যান করেন। পুতিনবিরোধীরা অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। তাঁরা এই ফলাফল মানেন না। তাঁরা ক্রেমলিনের সামনে ব্যাপক বিক্ষোভ করার ঘোষণা দেন। পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির নেতা গেন্নাদি ইউগানভ বলেন, তাঁর দল এ ফলাফলকে স্বীকৃতি দেবে না। তিনি নির্বাচনকে অবৈধ, অসৎ ও অস্বচ্ছ বলে আখ্যায়িত করেন। উদারপন্থী নেতা ভ্লাদিমির রিজকভও নির্বাচনকে অবৈধ বলে মন্তব্য করেন। স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী গোলস বলেছে, দেশজুড়ে তারা কমপক্ষে তিন হাজার ১০০ আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে।চূড়ান্তভাবে জয়ী হলেও আগামী মে মাসে পুতিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্রেমলিনে বসবেন। জয়ের পর গতকাল তাঁকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। এক নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন বলেন, রাশিয়ার জনগণের পছন্দের প্রতি চীন সম্মান জানায়। পুতিনকে নতুন প্রেসিডেন্ট ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ভ্লাদিমির চুরভ সাংবাদিকদের বলেন, ‘এখন আর দ্বিতীয় দফা ভোটের প্রয়োজন নেই।’ ৯৯ দশমিক ৩ শতাংশ কেন্দ্রের ভোট গণনায় পুতিন পেয়েছেন ৬৩ দশমিক ৭৫ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী গেন্নাদি ইউগানভ পেয়েছেন ১৭ দশমিক ১৯ শতাংশ। তৃতীয় স্থান অধিকারী ধনকুবের রাজনীতিবিদ মিখাইল প্রোখরভ পেয়েছেন ৭ দশমিক ৮২ শতাংশ। অতি জাতীয়তাবাদী নেতা ভ্লাদিমির ঝিরিনোভস্কি ৬ দশমিক ২৩ শতাংশ পেয়ে চতুর্থ হন। পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক স্পিকার সের্গেই মিরোনভ পেয়েছেন মাত্র ৩ দশমিক ৮৫ শতাংশ ভোট। কমিশনের ঘোষণা অনুযায়ী, নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৫ দশমিক ৩ শতাংশ, যা ২০০৮ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে কিছুটা কম। ওই নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছিল। তবে সর্বশেষ এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের হার ছিল গত ডিসেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের চেয়ে বেশি। এএফপি ও রয়টার্স।